নিউজ ডেস্ক: ধর্মের স্বঘোষিত পাহারাদারদের কাণ্ডকারখানা দেখে অবাক হওয়া ছাড়া উপায় নেই! বলিউড অভিনেত্রী করিনা কাপুর খানের গলায় একটি পান্নার লকেট। সেই লকেটে খোদাই করা রয়েছে পবিত্র কোরানের আয়াতুল কুরসি। আর সেই লকেট পরেই বিতর্কের কেন্দ্রে অভিনেত্রী। তাঁর ছবি ঘিরে আপত্তি তুলেছেন এক মুসলিম নেতা। শুধু আপত্তি জানানোই নয়, করিনাকে আইনি নোটিস পাঠিয়ে ছবি মুছে ফেলা এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিও জানানো হয়েছে। অন্যথায় আরও আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন লেখিকা তসলিমা নাসরিন।
https://www.facebook.com/share/p/1CxLDKo2Bt/
কিন্তু প্রশ্ন হল, কোরানের আয়াত খোদাই করা লকেট গলায় পরলে এমন কী সর্বনাশ হয়ে যায়? লকেট তো গলায় পরারই জিনিস। গলায় পরলে সেটি বুকের কাছেই ঝুলবে। তাহলে কি আপত্তির আসল কারণ করিনার পোশাক, নাকি তাঁর শরীরের দৃশ্যমান কোনও অংশ? একজন নারী কী পোশাক পরবেন, কীভাবে নিজেকে সাজাবেন, তা নিয়েও কি এবার ধর্মের পাহারাদারদের অনুমতি নিতে হবে?
জানা গিয়েছে, করিনার এই পান্নার লকেটটি ভোপালের নবাব পরিবারের ঐতিহ্যবাহী গয়না। প্রায় ২০০ বছরের পুরনো এই গয়না সইফ আলি খানের পরিবারের উত্তরাধিকারের অংশ। সইফের ঠাকুমা সাজিদা সুলতানা ছিলেন ভোপালের শেষ শাসক নবাব হামিদুল্লাহ খানের কন্যা। সেই পারিবারিক সূত্র ধরেই গয়নাটি এসেছে করিনার কাছে। সম্প্রতি দীপাবলির সাজে এই লকেট পরেই ছবি তুলেছিলেন অভিনেত্রী। তাঁর স্টাইলিস্ট রিয়া কাপুর সেই ছবি সমাজমাধ্যমে প্রকাশ করেন। এরপরই শুরু হয় বিতর্ক।
তসলিমা নাসরিনের প্রতিবাদে উঠে এসেছে ধর্মীয় পবিত্রতার এই অদ্ভুত ধারণা। একটি পাথরে খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে, অথচ সেই গয়না পরা রক্তমাংসের একজন নারীর স্বাধীনতার কোনও মর্যাদা নেই? আয়াতের সম্মান রক্ষার নামে একজন নারীকে হেনস্থা করা যায়, তাঁকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য করার চেষ্টা করা যায়! ধর্মের প্রতি শ্রদ্ধা থাকা অবশ্যই প্রয়োজন। কিন্তু সেই শ্রদ্ধার নামে অন্যের ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করার অধিকার কারও নেই।
কেউ কোনও আয়াতকে পবিত্র মনে করলে নিজের বিশ্বাস অনুযায়ী তা পালন করতেই পারেন। কিন্তু অন্য একজন নারী কী পরবেন, কীভাবে ছবি তুলবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাঁর নিজের। ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার অজুহাতে নারীর শরীর, পোশাক এবং ব্যক্তিগত পছন্দের উপর নজরদারি চালানো কতটা যুক্তিসঙ্গত? করিনার এই ঘটনা আরও একবার সেই প্রশ্নই সামনে এনে দিল। ধর্মের নামে শরীর-পাহারা, ভয় দেখানো এবং ক্ষমা আদায়ের এই প্রবণতার বিরুদ্ধে সরব তসলিমা নাসরিন।




