বিনোদন ডেস্ক: টেলিপর্দার অত্যন্ত পরিচিত মুখ হওয়া সত্ত্বেও রিয়্যালিটি শোয়ের কঠিন লড়াইয়ে শেষরক্ষা হলো না সোনামণি সাহার। সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের ‘দাদার দরবার’ পর্বে চূড়ান্ত সম্প্রচারের আগেই মুম্বইয়ের সেট থেকে এই খবর ফাঁস হতেই দর্শকমহলে ও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘মোহর’, ‘এক্কাদোক্কা’ এবং ‘শুভ বিবাহ’-এর সুবাদে বিপুল জনপ্রিয়তা থাকা সত্ত্বেও বিগ বসের ঘরে নিজের জায়গা ধরে রাখতে ব্যর্থ হলেন তিনি।
চলতি সপ্তাহের নমিনেশন পর্বে বিগ বসের পক্ষ থেকে প্রতিযোগীদের সামনে একটি কঠিন শর্ত রাখা হয়েছিল। সহ-প্রতিযোগীকে বাঁচাতে হলে নিজেদের প্রিয় কোনো জিনিস নষ্ট করতে হবে অথবা শারীরিক কষ্ট স্বীকার করতে হবে। সেই টাস্কে জীতুকে বাঁচাতে সৃজলা নিজের চুল কাটেন এবং রণিতাকে বাঁচাতে নিরঞ্জন তাঁর প্রিয় স্ক্র্যাপবুক নষ্ট করেন। কিন্তু তনুশ্রীকে বাঁচানোর জন্য ভাঙা হাতের সমস্যার কথা জানিয়ে ডিপস দিতে রাজি হননি সোনামণি।
অন্যদিকে তনুশ্রীও রাজবীরকে না বাঁচানোয় ক্ষুব্ধ রাজবীরের সিদ্ধান্তে সরাসরি নমিনেশনের তালিকায় চলে যান সোনামণি। এই ঘটনার পরই ক্যামেরার সামনে কান্নায় ভেঙে পড়েন তিনি। পরবর্তীতে শুক্রবারের বিশেষ টাস্ক জিতে এলিমিনেশনের ঝুঁকি থেকে নিজেকে নিরাপদ করে নেন ওয়াইল্ড কার্ড প্রতিযোগী রাজবীর দে। ফলে চূড়ান্ত লড়াই সীমাবদ্ধ হয়ে পড়ে সোনামণি ও তনুশ্রীর মধ্যে, যেখানে ভোটের নিরিখে এগিয়ে থেকে ঘর বাঁচান তনুশ্রী।
বিনোদন মহল ও দর্শকদের বিশ্লেষণে সোনামণির এই অপ্রত্যাশিত বিদায়ের পেছনে বেশ কয়েকটি কারণ উঠে এসেছে। যেমন খেলায় নিষ্ক্রিয়তা, শান্ত স্বভাবের সোনামণি শুরু থেকেই ঘরের রাজনীতি বা কৌশলী খেলায় সেভাবে সক্রিয় ছিলেন না। সহ-প্রতিযোগী সৃজলার সঙ্গে তাঁর দ্বন্দ্বও দর্শকদের খুব একটা আকর্ষণ করতে পারেনি এছাড়াও গত কয়েক দিনে ঘরে মটন রান্না নিয়ে জীতু ও সৃজলার সঙ্গে ঝামেলা এবং উত্তেজনার বশে রাজবীরকে ‘নর্দমা’ বলে মন্তব্য করায় দর্শকদের একাংশ তাঁর ওপর ক্ষুব্ধ ছিলেন। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে তীব্র সমালোচনা চলে, যার সরাসরি প্রভাব পড়েছে ভোটব্যাংকে। সবশেষে নমিনেশন টাস্কে সহ-প্রতিযোগীর জন্য ত্যাগ স্বীকার না করার বিষয়টিও অনেক দর্শক ইতিবাচকভাবে গ্রহণ করেননি।
সোনামণির মতো বড় তারকার বিদায়ের পাশাপাশি তনুশ্রী ও রাজবীরের টিকে যাওয়া এবারের সিজনের সমীকরণ অনেকটাই বদলে দিয়েছে। জলপাইগুড়ির সাধারণ শাড়ি ব্যবসায়ী তনুশ্রী কোনো তারকা খ্যাতি ছাড়াই বিগ বসের ঘরে পা রেখেছিলেন। প্রথম দিন থেকেই অন্যায়ের বিরুদ্ধে স্পষ্ট কথা বলা, সবার জন্য রান্না করা এবং নিজের সহজ-সরল আচরণের মাধ্যমে তিনি সাধারণ দর্শকদের মন জয় করে নিয়েছেন। অন্যদিকে, ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে ঘরে ঢোকার পর থেকেই রাজবীর দে নিজের বুদ্ধিদীপ্ত গেম প্ল্যান ও ক্যাপ্টেন্সি টাস্কের মাধ্যমে খেলার মোড় ঘুরিয়ে দিয়েছেন। এর আগে রাজবীরের গায়ে হাত তোলার অভিযোগে নন্দিনী দত্ত বহিষ্কৃত হয়েছিলেন এবং দিওয়ালির সপ্তাহে কোনো এলিমিনেশন হয়নি। তবে সোনামণির এই বিদায় ঘরের ভেতরের সমীকরণে বড়সড় ধাক্কা দিল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।




