নিউজ ডেস্ক: উত্তরপ্রদেশের কানপুরে ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। বহুতল আবাসনে আগুন লেগে মৃত্যু হল এক মহিলা ও এক নাবালকের। ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও পুলিশ বাহিনী।
জানা গিয়েছে, সোমবার ভোরের দিকে কানপুরের ফিলখানা থানা এলাকার পটকাপুরে অবস্থিত রাধিকা অ্যাপার্টমেন্টে আগুন লাগে। আবাসনের পার্কিংয়ে থাকা একটি মোটর বাইকে প্রথমে আগুন লাগে তারপর এই সেই আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা আবাসন চত্বর। আবাসনের উপর তলা গুলিতে ধোঁয়া দ্রুত ছড়িয়ে পড়ে। আর তাতেই বাসিন্দাদের বাইরে বেরোনো কঠিন হয়ে যায়।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। শুরু হয় আগুন নেভানোর পাশাপাশি উদ্ধারকাজ। দমকলের তৎপরতায় আটজনকে উদ্ধার করে বাইরে নিয়ে আসা হয়। তাঁদের মধ্যে চারজনকে হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ৪৫ বছর বয়সি রাখি সাহু এবং ১৫ বছর বয়সি প্রাঞ্জল বাথমের। বাকি দু'জনের চিকিৎসা চলছে।
দমকল আধিকারিকদের প্রাথমিক তথ্য অনুযায়ী জানা গিয়েছে, প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে এই উদ্ধারকাজে বড় বাধা হয়ে দাঁড়ায় আবাসনে ঢোকার সংকীর্ণ রাস্তা। মাত্র পাঁচ থেকে ছয় ফুট চওড়া গলির মধ্যে অবস্থিত পাঁচতলা এই আবাসনে প্রায় ১২টি পরিবার বসবাস করত বলে জানা গিয়েছে। ফলে দমকলের গাড়ি নিয়ে ঘটনাস্থলে পৌঁছনো এবং উদ্ধারকাজ চালানো যথেষ্ট কঠিন হয়ে পড়ে।
কি কারনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। তার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার পর থেকেই গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।




