ওয়াশিংটন: মহাকাশ অভিযানে বড়সড় বিপর্যয়। উৎক্ষেপণের মাত্র 10 মিনিটের মাথায় যান্ত্রিক গোলযোগের জেরে ব্যর্থ হল আমেরিকার শক্তিশালী ভলকান রকেটের অভিযান। সঙ্গে মহাকাশে পৌঁছনোর আগেই হারিয়ে গেল আমাজনের 40টি কৃত্রিম উপগ্রহ। রবিবার ফ্লরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয়েছিল। কিন্তু নির্দিষ্ট কক্ষপথে উপগ্রহগুলিকে পৌঁছে দেওয়ার আগেই মাঝপথে বিপর্যয় ঘটে। ঘটনায় বড় ধাক্কা খেল আমাজনের নিজস্ব স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা
‘আমাজন লিও’ প্রকল্প
রকেটটির নির্মাতা সংস্থা ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্স (ULA)। বোয়িং এবং লকহিড মার্টিনের যৌথ উদ্যোগে তৈরি এই সংস্থার ইতিহাসে 2006 সালে প্রতিষ্ঠার পর এই প্রথম কোনও উৎক্ষেপণ অভিযান সম্পূর্ণ ভাবে ব্যর্থ হল। উৎক্ষেপণের প্রায় 10 মিনিট পর রকেটে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়। এর ফলে আমাজনের উপগ্রহগুলিকে নির্দিষ্ট কক্ষপথে পৌঁছে দেওয়া সম্ভব হয়নি।
ULA-র তরফে জানানো হয়েছে, উৎক্ষেপণের প্রায় 50 মিনিট পর পাওয়া তথ্য বিশ্লেষণ করে তারা বিপর্যয়ের বিষয়টি নিশ্চিত হয়েছে। সংস্থার বক্তব্য, কী কারণে এই সমস্যা তৈরি হল, তা এখনও স্পষ্ট নয়। উৎক্ষেপণের সময় সংগৃহীত তথ্য ও টেলিমেট্রি বিশ্লেষণ করে ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করার চেষ্টা চলছে। আমাজন এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সঙ্গে যৌথ ভাবে তদন্ত করা হবে।
প্রয়োজনীয় সংশোধন না হওয়া পর্যন্ত পরবর্তী উৎক্ষেপণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে না। এই অভিযানের নাম ছিল ‘এলভি-01’। আমাজনের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু করার লক্ষ্যে এটি ছিল ULA-র ভলকান রকেটের প্রথম অভিযান। আমাজনের সঙ্গে এই রকেটের মাধ্যমে মোট 38টি উৎক্ষেপণের চুক্তি রয়েছে। ফলে প্রথম অভিযানেই এমন বিপর্যয় ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে অনিশ্চয়তা তৈরি করল।
কেন গুরুত্বপূর্ণ এই 40টি উপগ্রহ?
আমাজনের ‘লিও’ প্রকল্পের মূল লক্ষ্য হল পৃথিবীর নিম্ন কক্ষপথে (Low Earth Orbit) হাজার হাজার কৃত্রিম উপগ্রহ স্থাপন করে বিশ্বজুড়ে দ্রুতগতির ইন্টারনেট পরিষেবা দেওয়া। এই পরিষেবার মাধ্যমে সরাসরি প্রতিযোগিতায় নামার পরিকল্পনা রয়েছে ইলন মাস্কের স্পেসএক্সের ‘স্টারলিঙ্ক’-এর সঙ্গে।
বিশ্বের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে প্রত্যন্ত ও দুর্গম এলাকায় যেখানে প্রচলিত ব্রডব্যান্ড পরিষেবা পৌঁছনো কঠিন, সেখানে স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট পৌঁছে দেওয়াই এই প্রকল্পের উদ্দেশ্য। গোটা নেটওয়ার্ক তৈরি করতে 3,300টিরও বেশি উপগ্রহ প্রয়োজন হবে বলে জানিয়েছে আমাজন।
রবিবারের উৎক্ষেপণ সফল হলে মহাকাশে আমাজনের লিও উপগ্রহের সংখ্যা বেড়ে 436 হত। কিন্তু 40টি উপগ্রহ হারিয়ে যাওয়ায় সেই পরিকল্পনায় ধাক্কা লাগল। এখনও পর্যন্ত আমাজন 398টি উপগ্রহ মহাকাশে পাঠিয়েছে। সংস্থার লক্ষ্য ছিল চলতি বছরেই প্রাথমিক পর্যায়ে ইন্টারনেট পরিষেবা চালু করা।
অন্যদিকে, স্টারলিঙ্ক ইতিমধ্যেই 11,000-এরও বেশি উপগ্রহ নিয়ে মহাকাশে নিজেদের নেটওয়ার্ক বিস্তার করেছে। ফলে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে আমাজনের কাছে সময়ের গুরুত্ব যথেষ্ট বেশি। আগেও প্রযুক্তিগত সমস্যায় থমকে গিয়েছিল ভলকান
উল্লেখযোগ্য বিষয়, ভলকান রকেটের এই অভিযানটি ছিল তার পঞ্চম উড়ান। 2024 সালে প্রথম উৎক্ষেপণের পর গত 9 মাসে আর কোনও অভিযান চালানো হয়নি। এর আগে রকেটের সঙ্গে যুক্ত সলিড রকেট বুস্টারের নজল বা অগ্রভাগে প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছিল। সেই সমস্যার সমাধানে দীর্ঘ সময় ধরে পরীক্ষা-নিরীক্ষা চালায় ULA এবং বুস্টার নির্মাতা নর্থরপ গ্রুম্যান।
এ ছাড়াও রকেটের প্রথম ধাপে ব্যবহৃত BE-4 ইঞ্জিন নিয়েও আগে সমস্যা তৈরি হয়েছিল। এই ইঞ্জিন সরবরাহ করে জেফ বজোসের সংস্থা ব্লু অরিজিন। রবিবারের বিপর্যয়ের নেপথ্যেও ওই ইঞ্জিনের কোনও ভূমিকা ছিল কি না, তা এখনও নিশ্চিত নয়।
প্রাথমিক পর্যবেক্ষণে মনে করা হচ্ছে, রকেটের প্রথম ধাপ থেকে দ্বিতীয় ধাপ আলাদা হওয়ার পর সেন্টর (Centaur) নামে পরিচিত উপরের অংশে সমস্যা তৈরি হয়ে থাকতে পারে। তবে ULA এখনও কোনও নির্দিষ্ট প্রযুক্তিগত ত্রুটির কথা জানায়নি। তদন্তে ব্লু অরিজিনও সহযোগিতা করছে।
একাধিক সংস্থার উপর নির্ভরশীল আমাজনের মহাকাশ পরিকল্পনা
শুধু ULA নয়, আমাজন তাদের লিও প্রকল্পের উপগ্রহ উৎক্ষেপণের জন্য একাধিক সংস্থার সঙ্গে চুক্তি করেছে। ব্লু অরিজিনের নিউ গ্লেন রকেটের মাধ্যমে 24টি, ইউরোপের আরিয়ান-6-এর মাধ্যমে 24টি এবং স্পেসএক্সের ফ্যালকন-9 রকেটের মাধ্যমে 13টি উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে।
তবে অন্যান্য রকেটের উপর নির্ভরতা থাকলেও ULA-র এই বিপর্যয় প্রকল্পের সামগ্রিক সময়সূচিতে প্রভাব ফেলতে পারে। বিশেষ করে ভলকান রকেটের পরবর্তী উড়ান কবে সম্ভব হবে, তা এখন তদন্তের ফলাফলের উপর নির্ভর করছে। ULA-র তরফে জানানো হয়েছে, প্রতিটি উৎক্ষেপণ থেকেই নতুন অভিজ্ঞতা ও তথ্য পাওয়া যায়। এই ঘটনার কারণ চিহ্নিত করে প্রয়োজনীয় সংশোধন করা হবে।
অন্যদিকে, আমাজনের বক্তব্য, মহাকাশ অভিযানে ঝুঁকি থাকেই। ULA দীর্ঘদিনের নির্ভরযোগ্য সহযোগী এবং ভবিষ্যতের পরিকল্পনা বাস্তবায়নে তারা সংস্থাটির উপর আস্থা রাখছে। সব মিলিয়ে, মহাকাশে স্যাটেলাইট ইন্টারনেটের বাজার দখলের লড়াইয়ে আমাজ়নের সামনে নতুন বাধা তৈরি হল।
একদিকে স্টারলিঙ্কের দ্রুত বিস্তার, অন্যদিকে নিজেদের উপগ্রহ নেটওয়ার্ক তৈরির সময়সীমা—এই দুইয়ের মধ্যে ভারসাম্য রাখতে হবে জেফ বেজোসের সংস্থাকে। এখন নজর ULA-র তদন্তে। 10 মিনিটের ওই বিপর্যয়ের প্রকৃত কারণ কী, তার উত্তরই ঠিক করে দিতে পারে ভলকান রকেটের ভবিষ্যৎ উড়ানের গতিপথ।




