ইন্দোর: ‘এ গান গাওয়া যাবে না, ও গান গাওয়া যাবে না! এটা করা যাবে না, ওটা করা যাবে না!’ একের পর এক নিষেধাজ্ঞার মুখে পড়েও পিছিয়ে এলেন না পঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্জ। বরং ইন্দোরের মঞ্চে দাঁড়িয়ে প্রয়াত উর্দু কবি রাহাত ইন্দোরির বিখ্যাত পঙ্ক্তি আওড়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন তিনি। বললেন, ‘আগর খিলাফ হ্যায় তো হোনে দো, জান থোড়ি হ্যায়... সবহি কা খুন হ্যায় শামিল ইয়হাঁ কি মিট্টি মে, কিসি কে বাপ কা হিন্দুস্তান থোড়ি হ্যায়।’ অর্থাৎ, বিরোধিতা থাকলে থাকুক, এই দেশ কারও একার সম্পত্তি নয়। 15 নভেম্বর রবিবার ইন্দোরে নিজের ‘অরা ইন্ডিয়া ট্যুর’-এর অনুষ্ঠানে এই মন্তব্য করেন গায়ক।
ইন্দোরে দিলজিতের অনুষ্ঠান ঘিরে বিতর্কের সূত্রপাত কয়েক দিন আগেই। তাঁর জনপ্রিয় চারটি গান অনুষ্ঠানে পরিবেশন না করার নির্দেশ দিয়েছিল জেলা শিশু সুরক্ষা দফতর। প্রশাসনের আশঙ্কা, ওই গানগুলির কথায় মদ্যপান, মাদক এবং অস্ত্রের প্রসঙ্গ থাকায় শিশুদের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। অনুষ্ঠানে 5 বছর বা তার বেশি বয়সি শিশুদের প্রবেশের অনুমতি থাকায় এই নির্দেশ দেওয়া হয়েছিল।
নিষেধাজ্ঞার তালিকায় ছিল ‘পটিয়ালা পেগ’, ‘5 তারা’, ‘কেস’ এবং ‘জট্ট উথে ফায়ার করদা’। 6 নভেম্বর জেলা শিশু সুরক্ষা আধিকারিকের তরফে আয়োজকদের কাছে এই নির্দেশ পাঠানো হয়। 2019 সালের 22 জুলাই পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের একটি নির্দেশের কথাও উল্লেখ করা হয়েছিল সেখানে। মদ, মাদক ও হিংসাকে মহিমান্বিত করে এমন গানের প্রভাব শিশুদের উপর পড়তে পারে বলে আদালত আগে উদ্বেগ প্রকাশ করেছিল। চণ্ডীগড়ের অধ্যাপক পণ্ডিতরাও ধরণেভারের অভিযোগের ভিত্তিতেই নতুন করে এই পদক্ষেপ করা হয়।
তবে শুধু গানের উপর নিষেধাজ্ঞাই নয়, অনুষ্ঠান ঘিরে নিরাপত্তার উদ্বেগও তৈরি হয়েছিল। ইন্দোরের মেয়র পুষ্যমিত্র ভার্গবের দফতর, তিনটি বেসরকারি স্কুল এবং তিনটি ব্যাঙ্কে বোমা হামলার হুমকি দিয়ে ইমেল পাঠানো হয়েছিল। স্কুলগুলিতে বোমা নিষ্ক্রিয়কারী দল তল্লাশি চালালেও সন্দেহজনক কিছু মেলেনি। প্রাথমিক তদন্তে ইমেলগুলিকে ভুয়ো বলে মনে করেছিল পুলিশ। এমনকি মধ্যপ্রদেশ হাইকোর্টের গোয়ালিয়র বেঞ্চেও হুমকিমূলক ইমেল পৌঁছেছিল। ফলে অনুষ্ঠান ঘিরে নিরাপত্তা আরও জোরদার করা হয়।
এত কিছুর পরেও নির্ধারিত দিনেই মঞ্চে ওঠেন দিলজিৎ। অনুষ্ঠানের শুরুতে দর্শকদের সঙ্গে ‘জয় শ্রী মহাকাল’ ধ্বনি দেন তিনি। এর পর শ্রোতাদের উদ্দেশে বলেন, ‘‘এটা মহাকালের ভূমি। এখানে আসা থেকে কেউ আমাদের আটকাতে পারে না। আগে ভয় পাইনি, এখনও ভয় পাই না। আর আপনাদের ভয় পাওয়ার প্রশ্নই বা আসছে কেন? আপনাদের ভালোবাসা এবং শক্তিই আমাদের এখানে নিয়ে এসেছে।’’ এর পরই নিজের ইন্দোরে আসা নিয়ে বাধার প্রসঙ্গ তোলেন গায়ক।
তাঁর কথায়, তাঁকে আটকানোর অনেক চেষ্টা হয়েছিল। কিন্তু অনুরাগীদের কাছে একবার আসার কথা দিলে তিনি কথা রাখেন। কোনও বাধার কাছে মাথা নত করে পিছিয়ে যাওয়ার মানুষ তিনি নন। সমস্ত বিধিনিষেধ সত্ত্বেও যে তিনি মঞ্চে উপস্থিত হয়েছেন, সে কথাও স্পষ্ট করে দেন।
গানের উপর নিষেধাজ্ঞা নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করতে গিয়ে দিলজিৎ বলেন, ‘ইয়ে নেহি গানা, ওহ নেহি গানা, ইয়ে নেহি কর সকতে, ওহ নেহি কর সকতে।’ অর্থাৎ, এটা গাওয়া যাবে না, ওটা গাওয়া যাবে না, এটা করা যাবে না, ওটা করা যাবে না! তার পরেই রাহাত ইন্দোরির কবিতার আশ্রয় নেন তিনি। কবিতার যে পঙ্ক্তিতে দেশের মাটিতে সকলের সমান অধিকার এবং অংশীদারিত্বের কথা উঠে এসেছে, সেটিই যেন হয়ে ওঠে তাঁর বক্তব্যের মূল সুর।
উল্লেখ্য, ইন্দোরের সঙ্গে রাহাত ইন্দোরির সম্পর্কও গভীর। প্রয়াত এই কবির জন্ম ও বেড়ে ওঠা এই শহরেই। এর আগেও 2024 সালের 8 ডিসেম্বর ইন্দোরে নিজের অনুষ্ঠানে স্থানীয় বিক্ষোভের আবহে রাহাত ইন্দোরির একই কবিতা আওড়েছিলেন দিলজিৎ। ফলে এ বারও সেই কবিতার প্রত্যাবর্তন বিশেষ তাৎপর্য তৈরি করেছে।
প্রসঙ্গত, দিলজিতের ‘অরা ইন্ডিয়া ট্যুর’ ঘিরে দেশের বিভিন্ন শহরে অনুরাগীদের মধ্যে প্রবল উৎসাহ রয়েছে। দিল্লিতে 30 অক্টোবর জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠান দিয়ে শুরু হয়েছিল ভারতের এই পর্বের সফর। ইন্দোরের পর আহমেদাবাদ, মুম্বই, বেঙ্গালুরু, লখনউ, চণ্ডীগড় এবং কলকাতাতেও অনুষ্ঠান করার কথা রয়েছে তাঁর।
সব মিলিয়ে, ইন্দোরের অনুষ্ঠান শুধু সংগীতের সন্ধ্যায় সীমাবদ্ধ থাকল না। চারটি গানের উপর প্রশাসনিক বিধিনিষেধ, বোমা হামলার হুমকি এবং অনুষ্ঠান বন্ধের চেষ্টা নিয়ে বিতর্কের আবহে দিলজিতের কবিতা পাঠ নতুন করে আলোচনার জন্ম দিল। শিশুদের উপর গানের কথার প্রভাব নিয়ে প্রশাসনের উদ্বেগ একদিকে, অন্যদিকে শিল্পীর পরিবেশনার স্বাধীনতা ও সাংস্কৃতিক প্রকাশের প্রশ্ন—দুইয়ের সংঘাতই উঠে এল ইন্দোরের মঞ্চে।




