নিউজ ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটের মসনদে আরও একবার জয় শাহ। কোনও প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই দ্বিতীয়বারের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হলেন তিনি। ১৬ নভেম্বর, বালিতে আয়োজিত সংস্থার বোর্ড বৈঠকে তাঁর পুনর্নিয়োগে সিলমোহর পড়ে। বোর্ডের সদস্যদের প্রস্তাবেই সর্বসম্মতিক্রমে দ্বিতীয় মেয়াদের দায়িত্ব পেলেন জয়। ফলে বিশ্ব ক্রিকেটের প্রশাসনিক নেতৃত্বে তাঁর উপরই ফের আস্থা রাখল আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।
জয় শাহের এই প্রত্যাবর্তন নিছক পদ ধরে রাখার ঘটনা নয়। বরং বিশ্ব ক্রিকেটের সামনে যখন একাধিক নতুন সম্ভাবনা এবং চ্যালেঞ্জ, তখন তাঁর নেতৃত্বে ধারাবাহিকতা বজায় রাখতেই আগ্রহী বোর্ড। ক্রিকেটের বিশ্বব্যাপী প্রসার, দর্শকসংখ্যা বৃদ্ধি, বাণিজ্যিক উন্নয়ন এবং বিভিন্ন দেশের মধ্যে খেলাটির জনপ্রিয়তা বাড়ানোই আগামী দিনের প্রধান লক্ষ্য।
সবচেয়ে বড় আকর্ষণ ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক। দীর্ঘ ১২৮ বছর পর অলিম্পিকের মঞ্চে ফিরতে চলেছে ক্রিকেট। এই প্রত্যাবর্তনকে খেলাটির বিশ্বব্যাপী প্রসারের বিরাট সুযোগ হিসেবেই দেখছেন জয়। তাঁর মতে, অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তি নতুন প্রজন্মের কাছে খেলাটিকে পৌঁছে দেওয়ার পাশাপাশি নতুন দর্শক ও খেলোয়াড় তৈরির পথ খুলে দেবে।
দ্বিতীয় মেয়াদে মহিলাদের ক্রিকেটের উন্নয়ন, সহযোগী সদস্য দেশগুলির জন্য আরও বেশি সুযোগ তৈরি এবং আন্তর্জাতিক ক্রিকেটের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা রক্ষা করাও তাঁর অগ্রাধিকারের তালিকায় থাকবে। পাশাপাশি বিভিন্ন দেশের ক্রিকেট পরিকাঠামো মজবুত করা এবং দীর্ঘমেয়াদি আর্থিক স্থায়িত্ব নিশ্চিত করার উপরেও জোর দিতে চায় সংস্থা।
জয়ের পুনর্নিয়োগকে স্বাগত জানিয়েছেন ইংল্যান্ড, জিম্বাবোয়ে, নিউজিল্যান্ড-সহ একাধিক দেশের ক্রিকেট প্রশাসকরা। তাঁদের মতে, আন্তর্জাতিক ক্রিকেটের সূচি আরও শক্তিশালী করা, দ্বিপাক্ষিক সিরিজের গুরুত্ব বজায় রাখা এবং বিভিন্ন দেশের মধ্যে সমন্বয় বাড়াতে তাঁর নেতৃত্ব গুরুত্বপূর্ণ।
২০২৭ সালের পুরুষদের একদিনের বিশ্বকাপ আফ্রিকায় ক্রিকেটের নতুন বাজার তৈরির সুযোগ করে দেবে বলেও আশাবাদী সংস্থার কর্তারা। সহযোগী দেশগুলির জন্য আরও বেশি প্রতিযোগিতামূলক ক্রিকেটের সুযোগ তৈরির প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।
সব মিলিয়ে জয় শাহের দ্বিতীয় ইনিংসের সামনে লক্ষ্য অনেক বড়। শুধু বড় প্রতিযোগিতা আয়োজন নয়, ক্রিকেটকে আরও বিস্তৃত, অন্তর্ভুক্তিমূলক ও আর্থিকভাবে শক্তিশালী করে তোলাই হবে তাঁর নেতৃত্বের আসল পরীক্ষা।




