নিউজ ডেস্ক: এবার আদালত অবমাননার মামলায় বিরাট স্বস্তি পেলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। কলকাতা হাইকোর্টে আদালত অবমাননার মামলায় তিন বিচারপতির বেঞ্চ কুণাল ঘোষের বিরুদ্ধে দোষী সাব্যস্তের যে রায় দিয়েছিল, সোমবার শীর্ষ আদালত তাতে হস্তক্ষেপ করল। কলকাতা হাইকোর্টের তিন বিচারপতির বিশেষ বেঞ্চের রায়ে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট শিবিরকে নোটিস জারি করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। হাইকোর্টের তিন বিচারপতির বিশেষ বেঞ্চের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলাম আইনজীবীর মাধ্যমে। আজ শুনানি ছিল। আইনজীবী অয়ন চক্রবর্তী ও শাম্ব নন্দী সোমবার বিষয়টি সুপ্রিম কোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চের বিবেচনায় আনেন। এরপরই হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ জারি ও নোটিস ইস্যুর নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।
এক্স হ্যান্ডেলে পোস্ট করে কুণাল ঘোষ লেখেন, তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে মামলা সাজানো হয়েছিল। যাঁরা তাঁর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, তাঁরা আজ কিছুটা হলেও দুঃখ পাবেন বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে কলকাতা হাইকোর্টের তিন বিচারপতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কুণাল লেখেন, তিনি আদালতকে সম্মান করেন। তবে হাইকোর্টের ওই রায়ে ন্যায়বিচার পাননি বলেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। আইনি লড়াই চলবে বলেও স্পষ্ট জানিয়েছেন তৃণমূল নেতা।




