নিউজ ডেস্ক: জাতীয় দলে ফেরার লক্ষ্যে সৈয়দ মুস্তাক আলি ট্রফিকেই মঞ্চ হিসাবে বেছে নিয়েছেন সূর্যকুমার যাদব। আর সেই লক্ষ্যেই ব্যাট হাতে একের পর এক ঝলক দেখাচ্ছেন ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক। প্রথম ম্যাচে ২১ বলে অপরাজিত ৬০ রানের পর দ্বিতীয় ম্যাচেও বিধ্বংসী সূর্য। এ বার গুজরাতের বিরুদ্ধে মাত্র ২৯ বলে ৮২ রান করলেন তিনি। তাঁর দাপটে ২৬ বল বাকি থাকতেই পাঁচ উইকেটে ম্যাচ জিতল মুম্বই।
সোমবার কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে প্রথমে ব্যাট করে ১৯৭ রানে অলআউট হয় গুজরাত। দলের হয়ে আশুতোষ শর্মা ২২ বলে ৪২ এবং বিশাল জয়সবাল ২১ বলে ৩৮ রান করেন। মুম্বইয়ের হয়ে অথর্ব আঙ্কোলেকর তিনটি এবং শার্দূল ঠাকুর দু’টি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় মুম্বই। ২৫ রানের মধ্যে ফিরে যান দুই ব্যাটার। কিন্তু ক্রিজে এসেই ম্যাচের রং বদলে দেন সূর্য। গুজরাতের বোলারদের উপর কার্যত ঝড় বইয়ে দেন তিনি। মাত্র ১৮ বলে অর্ধশতরান পূর্ণ করেন। তাঁর ২৯ বলের ইনিংসে ছিল ন’টি চার এবং সাতটি ছয়। রবি বিষ্ণোইয়ের বলে আউট হওয়ার আগে মুম্বইকে জয়ের পথে অনেকটাই এগিয়ে দেন তিনি।
শেষ দিকে সরফরাজ খানও ঝোড়ো ব্যাটিং করেন। ১৭ বলে পাঁচটি চার ও দু’টি ছয়ের সাহায্যে ৪০ রানে অপরাজিত থাকেন তিনি। ১৫.৪ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ২০১ রান তুলে ম্যাচ জিতে নেয় মুম্বই।
এ দিকে, নিউ চণ্ডীগড়ে অসমের বিরুদ্ধে ব্যাট হাতে তাণ্ডব চালান মধ্যপ্রদেশের রজত পাতিদার। মাত্র ৪৮ বলে ১৩৫ রান করেন তিনি। তাঁর ইনিংসে ছিল আটটি চার ও ১৩টি ছয়। পাটীদারের দাপটে ২৫০ রান তোলে মধ্যপ্রদেশ। জবাবে ১১৯ রানেই শেষ হয়ে যায় অসমের ইনিংস। ১৩১ রানে জয় পায় মধ্যপ্রদেশ।
অন্য দিকে, প্রথম দু’টি ম্যাচে বিহারের হয়ে খেলার কথা থাকলেও দ্বিতীয় ম্যাচে দেখা যায়নি বৈভব সূর্যবংশীকে। তবে রেলওয়েজকে হারিয়ে ম্যাচ জিতেছে বিহার।




