স্পোর্টস ডেস্ক: আইপিএলের মিনি নিলামের আগে ব্যাট হাতে নিজের বিধ্বংসী ফর্মের প্রমাণ দিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাতিদার। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে অসমের বিরুদ্ধে মাত্র ৪৮ বলে ১৩৫ রানের অপরাজিত ইনিংস খেললেন তিনি। তাঁর দুরন্ত ব্যাটিংয়ের সৌজন্যে সহজ জয় পেল মধ্যপ্রদেশ। সেই সঙ্গে একাধিক নজির গড়লেন বিরাট কোহলিদের দলের নেতা।
কিছুদিন আগেই ভারতীয় ‘এ’ দলে ডাক পেয়েছিলেন রজত। রাইসিং এশিয়া কাপেও ভারতের সহ-অধিনায়ক ছিলেন তিনি। কিন্তু আচমকাই দল থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন। ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থাকে চোটের কথা জানিয়ে ৫০ ওভারের প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ান। পরিবর্তে টি-টোয়েন্টি ফরম্যাটের সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মধ্যপ্রদেশকে নেতৃত্ব দেওয়ার সিদ্ধান্ত নেন। অসমের বিরুদ্ধে তাঁর ইনিংস বুঝিয়ে দিল, কেন এই প্রতিযোগিতায় খেলতে চেয়েছিলেন তিনি।
এলিট সি গ্রুপের ম্যাচে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় অসম। শুরুটা অবশ্য ভাল হয়নি মধ্যপ্রদেশের। মাত্র ৫৭ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দল। সেখান থেকেই ব্যাট হাতে পালটা আক্রমণ শুরু করেন রজত। শিবাঙ্গ কুমারের সঙ্গে তাঁর বিধ্বংসী জুটিতে মাত্র ৬২ বলে ওঠে ১৫৩ রান। কার্যত একাই অসমের বোলিং আক্রমণকে ছিন্নভিন্ন করে দেন মধ্যপ্রদেশের অধিনায়ক।
৪৮ বলে ১৩৫ রানে অপরাজিত থাকেন রজত। তাঁর ইনিংসে ছিল আটটি চার ও ১৩টি ছক্কা। একটি ওভারেই হাঁকান চারটি ছক্কা। মাত্র ৪১ বলে শতরান পূর্ণ করেন তিনি। গোটা ইনিংসে ডট বল ছিল মাত্র পাঁচটি। এই ইনিংসের সুবাদে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মধ্যপ্রদেশের প্রথম শতরানকারী ক্রিকেটার হলেন রজত। পাশাপাশি এক ম্যাচে মধ্যপ্রদেশের কোনও ব্যাটারের সর্বাধিক ছক্কা মারার নজিরও গড়লেন তিনি।
রজতের ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ২৫০ রান তোলে মধ্যপ্রদেশ। জবাবে মাত্র ১১৯ রানেই গুটিয়ে যায় অসমের ইনিংস। ফলে বড় ব্যবধানে জয় পায় মধ্যপ্রদেশ। আইপিএলের নিলামের আগে রজতের এই বিধ্বংসী ইনিংস তাঁর দলীয় গুরুত্ব আরও একবার স্পষ্ট করে দিল।




