নিউজ ডেস্ক: বৃদ্ধা মাকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। গলায় দড়ি পেঁচিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে হরিদেবপুর থানার হাফিজ মহম্মদ ইসহাক রোডে। ঘটনার পর অভিযুক্ত ছেলে নিজেই লালবাজারে ফোন করে খুনের কথা জানায়। ইতিমধ্যেই অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করেছে হরিদেবপুর থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম উমারানি ঘোষ (৮৫)। অভিযুক্ত ছেলের নাম সাগর ঘোষ। সোমবার সকাল ১১টা নাগাদ হাফিজ মহম্মদ ইসহাক রোডের লাল মসজিদ সংলগ্ন একটি বাড়িতে ঘটনাটি ঘটে। অভিযোগ, সাদা সুতো দিয়ে মায়ের গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে খুন করা হয় বলে অভিযোগ। ঘটনার পর অভিযুক্ত নিজেই পুলিশ হেল্পলাইনে ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে হরিদেবপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে গ্রেফতার করে। তদন্তে নেমেছে কলকাতা পুলিশের হোমিসাইড শাখাও।
প্রাথমিকভাবে জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন উমারানি দেবী। তাঁর চিকিৎসার খরচ জোগাতে সমস্যায় পড়ছিলেন ছেলে সাগর। স্থানীয় সূত্রে দাবি, ২০২১ সালের লকডাউনের সময় ইঞ্জিনিয়ারিংয়ের চাকরি হারানোর পর থেকেই আর্থিক অনটনে ভুগছিলেন তিনি। তবে মাকে খুনের পিছনে আর্থিক সমস্যাই কারণ কি না, তা এখনও নিশ্চিত নয়। অভিযুক্তের মানসিক স্বাস্থ্য এবং এর আগে স্ত্রীর উপর হামলার যে অভিযোগ সামনে এসেছে, সেগুলিও এখনও যাচাই করা হয়নি। ঘটনার আসল কারণ জানতে সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশের হোমিসাইড শাখা।




