কলকাতা, নিউজ ডেস্ক: এবার সাসপেন্ড হয়ে গেল ঋতব্রত তৃণমূল শিবিরের এক্স হ্যান্ডল। সোমবার সকাল থেকেই মাইক্রোব্লগিং সাইট এক্সে আর খুঁজে পাওয়া যাচ্ছে না 'গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস’-এর অফিশিয়াল অ্যাকাউন্টটি। সংশ্লিষ্ট হ্যান্ডলের পাতায় ঢুকতে গেলেই পর্দায় ভেসে উঠছে 'অ্যাকাউন্ট সাসপেন্ডেড' সতর্কবার্তা। তবে কেন এই অ্যাকাউন্ট সাসপেন্ড করা হল, তা এখনও স্পষ্ট নয়। কালীঘাটের তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে ঋতব্রত শিবির।
এই ঘটনায় সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের দিকে অভিযোগের আঙুল তুলেছে ঋতব্রতপন্থী তৃণমূল। তাদের অভিযোগ, কালীঘাট শিবিরের তরফে বারবার রিপোর্ট করার জেরেই তাঁদের এক্স অ্যাকাউন্ট বন্ধ হয়েছে। গণতান্ত্রিক তৃণমূলের মুখপাত্র ঋজু দত্তের দাবি, দলের নাম ও প্রতীক নিয়ে নির্বাচন কমিশনে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। সেই পরিস্থিতিতে পরিকল্পিতভাবে তাঁদের সমাজমাধ্যমের অ্যাকাউন্টটি সাসপেন্ড করানো হয়েছে। যাবতীয় তথ্য ও নথি দিয়ে অ্যাকাউন্টটি পুনরুদ্ধারের চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তিনি। অন্যদিকে, এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির। এনিয়ে শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, 'অভিযোগ তো সকলেই করতে পারে। অভিযোগ করলেই তা সত্য হয়ে যায় না। কী হয়েছে এই বিষয়টা ঠিকমতো জানি না। যদি কোনও অভিযোগ থাকে তার জন্য পুলিশের মাধ্যমে তদন্তের রাস্তা তো খোলা থাকছে।'
উল্লেখ্য, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পর ভাঙন ধরেছে তৃণমূলের অন্দরে। দুই শিবিরে ভাগে ভাগ হয়ে যায় তৃণমূল। তারপর থেকেই দলের প্রতীক নিয়ে বিরোধ তৈরি হয়। গত ১৭ সেপ্টেম্বর নির্বাচন কমিশন অন্তর্বর্তী নির্দেশে ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ নাম এবং জোড়াফুল প্রতীক সাময়িকভাবে ফ্রিজ করে দেওয়া হয। পরবর্তী উপনির্বাচনের জন্য মমতা শিবিরের নাম হয় ‘মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ এবং ঋতব্রত শিবিরের নাম হয় ‘গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস’। দুই শিবিরকে আলাদা প্রতীকও বরাদ্দ করা হয়। দল দু'ভাগ হওয়ার পর সোশাল মিডিয়ার রাস্তাও আলাদা হয়ে যায়। তৃণমূলের পুরনো এক্স হ্যান্ডলটি থেকে যায় মমতা শিবিরের নিয়ন্ত্রণেই। ঋতব্রতপন্থীরা নতুন 'ইউজারনেম' তৈরি করে আলাদা একটি অ্যাকাউন্ট চালু করেন। নাম ও প্রতীক নিয়ে সেই লড়াইয়ের মধ্যেই এবার সমাজমাধ্যমের অ্যাকাউন্ট সাসপেনশন ঘিরে নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।




