নিউজ ডেস্ক: ভারত ও মিশরের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় দ্বিগুণ করে ১২০০ কোটি ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সেই উদ্দেশ্যে বাণিজ্যের পথে শুল্কবহির্ভূত বাধা কমানো, শুল্ক প্রক্রিয়া সহজ করা এবং দুই দেশের বাজারে পণ্যের প্রবেশাধিকার বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। রবিবার কায়রোয় ভারত-মিশর যৌথ বাণিজ্য কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল এবং মিশরের বিনিয়োগ ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী মহম্মদ ফারিদ সালেহ পৌরোহিত্য করেন। দুই দেশ প্রেফারেনশিয়াল ট্রেড এগ্রিমেন্ট অথবা মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখতে একটি যৌথ কর্মীগোষ্ঠী গঠনের সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে দুই দেশের বাণিজ্যের পরিমাণ ৬৫০ কোটি ডলার। আগামী কয়েক বছরে তা ১২০০ কোটি ডলারে নিয়ে যাওয়াই লক্ষ্য।
পণ্যের নিবন্ধন, বাণিজ্য সংক্রান্ত নিয়মকানুন এবং ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সমাধান নিয়েও আলোচনা হয়েছে। ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম, ইঞ্জিনিয়ারিং, বৈদ্যুতিক যন্ত্রপাতি, সার, বস্ত্র, পুনর্নবীকরণযোগ্য শক্তি এবং আধুনিক প্রযুক্তিকে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
মিশরের শিল্পাঞ্চলে ভারতীয় বিনিয়োগ এবং ভারতের উৎপাদন ও পরিষেবা ক্ষেত্রে মিশরের বিনিয়োগের সম্ভাবনাও খতিয়ে দেখা হয়েছে। দুই দেশের বিনিয়োগ সংক্রান্ত তথ্য আদানপ্রদানের জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরির প্রস্তাবও আলোচনায় এসেছে।
২০২৭ সালে ভারত-মিশর কূটনৈতিক সম্পর্কের ৮০ বছর পূর্ণ হবে। তার আগে বাণিজ্যিক বাধা নির্দিষ্ট সময়ের মধ্যে দূর করা, ভারতীয় সংস্থার পাশাপাশি ছোট ব্যবসাগুলিকে অংশীদার করা এবং নিয়মিত অগ্রগতি পর্যালোচনার প্রস্তাব দিয়েছেন পীযূষ। পরবর্তী যৌথ বাণিজ্য কমিটির বৈঠক ২০২৮ সালে নয়াদিল্লিতে হওয়ার কথা।




