নিউজ ডেস্ক: ইউক্রেনের ছোড়া ১৩৩৬টি ড্রোন আটকে দেওয়ার দাবি করল রাশিয়া। সোমবার রুশ প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এই দাবি করা হয়েছে। মস্কোর দাবি সত্যি হলে, প্রায় পাঁচ বছর আগে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর এটিই কিয়েভের সবচেয়ে বড় আকাশপথে হামলা। তবে ইউক্রেনের এই হামলায় রাশিয়ার কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
সাম্প্রতিক মাসগুলিতে রাশিয়ার মূল ভূখণ্ডের পাশাপাশি বেআইনি ভাবে দখল করা ক্রিমিয়া, কৃষ্ণসাগর এবং আজভ সাগর অঞ্চলেও দূরপাল্লার ড্রোন হামলা বাড়িয়েছে ইউক্রেন। কয়েকটি হামলায় এক হাজারেরও বেশি ড্রোন ব্যবহার করা হয়েছে বলে জানা গিয়েছে। পাল্টা রাশিয়াও ইউক্রেনের বেসামরিক এলাকাগুলিতে লাগাতার আক্রমণ চালাচ্ছে। বিশেষ করে বিদ্যুৎ পরিকাঠামোয় হামলা করে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন বিপর্যস্ত করে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ কিয়েভের।
রাশিয়ার অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ তেল শোধনাগারগুলিকে নিশানা করছে ইউক্রেন। রবিবার রাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেন, ইউক্রেনের হামলায় রাশিয়ার ৫৫ শতাংশেরও বেশি তেল পরিশোধন ক্ষমতা অচল হয়ে পড়েছে। তবে রাশিয়ার তরফে এই দাবি নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। স্বাধীন ভাবেও এই তথ্য যাচাই করা সম্ভব হয়নি।
বিশ্লেষকদের মতে, রাশিয়ার উপর হামলা চালিয়ে যুদ্ধের আঁচ সে দেশের সাধারণ মানুষের কাছেও পৌঁছে দিতে চাইছে কিয়েভ। মাঝারি পাল্লার হামলায় রুশ সেনার রসদ সরবরাহের পথেও বাধা তৈরি হচ্ছে। পাশাপাশি রাশিয়ার অস্ত্র উৎপাদন কেন্দ্র এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার উৎক্ষেপণস্থলগুলিকে নিশানা করার চেষ্টা করছে ইউক্রেনীয় বাহিনী।
ইউক্রেনের দাবি, মার্কিন সংস্থা স্পেসএক্সের সামরিক স্যাটেলাইট ইন্টারনেট ব্যবস্থা স্টারশিল্ডে সম্প্রতি গতির উপর বিধিনিষেধ আরোপ করায় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়েছে। অন্য দিকে, মস্কো আন্তর্জাতিক মহলে এমন বার্তা দিতে চাইছে যে ইউক্রেন যুদ্ধে তাদের জয় অনিবার্য। আমেরিকার মধ্যস্থতায় আলোচনা চললেও যুদ্ধ থামার কোনও লক্ষণ নেই।




