কলম্বো: আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৫৭ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্র তৈরি করবে শ্রীলঙ্কার সংস্থা লাকধানাভি। এই প্রকল্পের জন্য ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থা এনটিপিসির সঙ্গে ৭৫ কোটি ডলারের চুক্তি করেছে তারা। সোমবার সংস্থার তরফে এই খবর জানানো হয়েছে।
গত ২১ সেপ্টেম্বর এনটিপিসির সঙ্গে চুক্তি স্বাক্ষর করে লাকধানাভি। সংস্থার বিবৃতি অনুযায়ী, পোর্ট ব্লেয়ারের হোপ টাউনে তৈরি হবে এই বিদ্যুৎকেন্দ্র। এর ফলে দ্বীপপুঞ্জের বিদ্যুৎ পরিকাঠামো আরও শক্তিশালী হবে। পাশাপাশি এলএনজি পরিকাঠামোর মাধ্যমে দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং ভবিষ্যতে অর্থনৈতিক উন্নয়নের পথ প্রশস্ত করাও এই প্রকল্পের লক্ষ্য।
লাকধানাভির বক্তব্য, এই প্রকল্প ভারত ও শ্রীলঙ্কার অর্থনৈতিক সম্পর্কের নতুন দিক তুলে ধরছে। এত দিন দুই দেশের অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে ভারতীয় বিনিয়োগ এবং উন্নয়নমূলক সহায়তাই ছিল প্রধান ভিত্তি। এ বার শ্রীলঙ্কার সংস্থারও ভারতে প্রকল্প পাওয়ার ঘটনা সেই সম্পর্ককে আরও বিস্তৃত করল।
সংস্থার তরফে আরও জানানো হয়েছে, এই সাফল্য প্রমাণ করছে যে দুই দেশের মধ্যে ব্যবসা ও বিনিয়োগের সুযোগ দু’দিকেই রয়েছে। শ্রীলঙ্কার সংস্থাগুলিরও সেই সুযোগ কাজে লাগানো উচিত।
লাকধানাভি শ্রীলঙ্কার বৃহত্তম বিদ্যুৎ ক্ষেত্রের সংস্থা এলটিএল হোল্ডিংসের সহযোগী প্রতিষ্ঠান। বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন এবং বণ্টনের ক্ষেত্রে তাদের ব্যবসা রয়েছে।




