নিউজ ডেস্ক: ভারতকে বিভক্ত করার চেষ্টা চলছে! সমাজের মধ্যে ছোট ছোট পরিচয়কে বড় করে তুলে ধরে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সংঘাত তৈরির ষড়যন্ত্র করা হচ্ছে। এমনই আশঙ্কার কথা প্রকাশ করে দেশবাসীকে সতর্ক করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) প্রধান মোহন ভাগবত। ব্রিটিশদের ‘ডিভাইড অ্যান্ড রুল’ নীতির সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা করে তাঁর বার্তা, দেশের স্বার্থে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। ব্যক্তিগত স্বার্থ, অহংকার এবং ছোটখাটো মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে দেশ ও সমাজের জন্য কাজ করার আহ্বানও জানিয়েছেন তিনি।
রবিবার রাজস্থানের যোধপুরের শিকারপুরায় রাজরাম আশ্রমে আয়োজিত ‘মারু নিনাদ-২০২৬’ ঘোষ শিবিরে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন RSS প্রধান। যোধপুর প্রান্তের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি বলেন, ভারত সঠিক দিশাতেই এগিয়ে চলেছে। কিন্তু বিশ্বের কিছু শক্তি ভারতকে বড় শক্তি হিসেবে দেখতে চায় না। নিজেদের স্বার্থ চরিতার্থ করতে তারা ভারতীয় সমাজের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।
ভাগবতের কথায়, ভারত শুধু নিজের দেশের মানুষের নয়, গোটা বিশ্বের প্রত্যাশার কেন্দ্র। তাই দেশের অগ্রগতির পথে বাধা তৈরি করতে চাইছে এমন শক্তির বিরুদ্ধে সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তাঁর মতে, ধর্ম, জাতীয় দায়িত্ব এবং সমাজসেবার ভিত্তিতে একটি সুসংগঠিত সমাজব্যবস্থা গড়ে তোলাই দেশের উন্নতির অন্যতম শর্ত।
নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে মহাভারতের উদাহরণও তুলে ধরেন RSS প্রধান। তিনি বলেন, কৌরবদের হাতে ১১ অক্ষৌহিণী সেনা ছিল। ভীষ্ম, দ্রোণাচার্য, কর্ণ এবং অশ্বত্থামার মতো শক্তিশালী যোদ্ধারাও তাঁদের পক্ষে ছিলেন। অন্যদিকে পাণ্ডবদের সেনা ছিল মাত্র সাত অক্ষৌহিণী। তা সত্ত্বেও ঐক্যবদ্ধ থাকার কারণে শেষ পর্যন্ত জয় হয়েছিল পাণ্ডবদেরই। এই উদাহরণ দিয়ে ভাগবত বোঝাতে চান, সংখ্যার চেয়েও বড় শক্তি হল ঐক্য।
সমাজের তৃণমূল স্তরে নেতৃত্ব তৈরির উপরেও বিশেষ জোর দিয়েছেন তিনি। তাঁর পরামর্শ, প্রতিটি গ্রাম, পাড়া এবং মহল্লায় অন্তত ২৫ থেকে ১০০ জন এমন নিঃস্বার্থ মানুষ থাকা প্রয়োজন, যাঁরা সুখে-দুঃখে সাধারণ মানুষের পাশে দাঁড়াবেন।
ব্যক্তিত্ব গঠনের প্রসঙ্গে ভাগবত বলেন, মানুষের কাজ থেকেই অভ্যাস তৈরি হয়, অভ্যাস থেকে স্বভাব এবং স্বভাব থেকেই চরিত্র গড়ে ওঠে। তাঁর মতে, একজন মানুষের প্রকৃত শক্তি তাঁর চরিত্র।
এদিন RSS-এর ঘোষের ঐতিহ্য নিয়েও কথা বলেন তিনি। ভারতীয় শাস্ত্র, বিশেষ করে গীতায় উল্লিখিত পাঞ্চজন্য ও দেবদত্ত শঙ্খের প্রসঙ্গ টেনে এই ঐতিহ্যের ঐতিহাসিক গুরুত্ব ব্যাখ্যা করেন। তাঁর দাবি, প্রথমদিকে ব্রিটিশ সামরিক ব্যান্ডের সুর থেকে অনুপ্রেরণা নেওয়া হলেও পরবর্তীকালে ভারতীয় শাস্ত্রীয় সংগীতের ভিত্তিতে নিজস্ব সুর তৈরি করেছে RSS।
সব মিলিয়ে, জাতীয় ঐক্য, শৃঙ্খলা, নিঃস্বার্থ সমাজসেবা এবং চরিত্র গঠনের উপরেই বিশেষ গুরুত্ব দিয়েছেন মোহন ভাগবত। তাঁর বক্তব্যে স্পষ্ট, দেশের শক্তি বাড়াতে হলে সবার আগে সমাজের ভিত মজবুত করা প্রয়োজন।




