নিউজ ডেস্ক: উত্তর ভারতের বাতাসে ক্রমবর্ধমান বিষের প্রতিবাদে এবং অবিলম্বে প্রশাসনিক পদক্ষেপের দাবিতে এবার কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদবের দপ্তরের সামনে বিক্ষোভ দেখালেন ছাত্র ও পরিবেশকর্মীরা। অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইসা)-এর সর্বভারতীয় সভানেত্রী নেহা বোরার নেতৃত্বে এই কর্মসূচিতে সামিল হন বহু তরুণ-তরুণী এবং পরিবেশপ্রেমী। দূষণ পরিস্থিতি নিয়ে মন্ত্রীর সঙ্গে সরাসরি সাক্ষাৎ ও আলোচনার দাবিতে এদিন দপ্তরের বাইরে রীতিমতো উত্তাল পরিস্থিতি তৈরি হয়।
বিক্ষোভস্থল থেকে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় সরকারের ভূমিকার কড়া সমালোচনা করেন নেহা বোরা। তাঁর অভিযোগ, দেশের পরিবেশ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বিদেশে (তুরস্কে) ব্যস্ত থাকলেও দেশের মানুষের ফুসফুসে প্রতিনিয়ত বিষ ঢুকছে।
নেহা ক্ষোভের সঙ্গে বলেন, "তুরস্কে যেখানে বাতাসের গুণমান বা একিউআই (AQI) ৬০-এর আশেপাশে, মন্ত্রী সেখানে রয়েছেন। অথচ দিল্লি, রাজস্থান, হরিয়ানা এবং উত্তরপ্রদেশের সাধারণ মানুষ আজ ৪০০ থেকে ৮০০ একিউআই-এর মতো চরম অস্বাস্থ্যকর বাতাসে শ্বাস নিতে বাধ্য হচ্ছেন। মন্ত্রী দেশে নেই বলে তো আর দূষণ থেমে থাকছে না!" সাধারণ মানুষের এই শ্বাসকষ্ট ও সংকটের কথা নাগরিকদের কাছে কেন ঠিকমতো পৌঁছে দেওয়া হচ্ছে না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
https://x.com/PTI_News/status/2122280881989861733?a=GsusWlNTUMMwAc1GaKk&s=08
এদিনের প্রতিবাদে বিক্ষোভকারীদের হাতে থাকা প্ল্যাকার্ডগুলিতে ফুটে উঠেছিল বর্তমান পরিস্থিতির তীব্র ব্যঙ্গ ও অসহায়তা। কোনো প্ল্যাকার্ডে লেখা ছিল, "পরিষ্কার দিল্লির আকাশ মনে পড়ে?", আবার কোথাও লেখা, "বাতাস যদি বিনা মূল্যে মেলে, তবে শ্বাস নেওয়া কেন বিলাসিতা?" এমনকি 'লাভ ইজ ইন দ্য এয়ার' কথাটি কেটে তার নিচে 'পিএম ১০, পিএম ২.৫, এনও২, এসও২'-এর মতো ক্ষতিকর উপাদানের নাম লিখে অভিনব কায়দায় প্রতিবাদ জানানো হয়।
এছাড়াও দিল্লির বিভিন্ন জায়গার নাম ব্যঙ্গাত্মকভাবে বদলে যেমন 'ধৌলা কুয়াঁ'-কে 'ধোঁয়া কুয়াঁ' বা 'হৌজ খাস'-কে 'হেজ খাস' লিখে বাতাসের ভয়াবহতা তুলে ধরা হয়।
দূষণ নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে বিক্ষোভকারীরা কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব ও প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। "বিশুদ্ধ বাতাস দিতে হবে, শ্বাস নেওয়ার অধিকার দিতে হবে" এবং "বাইরে এসে কথা বলুন" এই দাবিতে মুখর হয়ে ওঠে গোটা চত্বর। পরিস্থিতি সামাল দিতে এবং বিক্ষোভকারীদের আটকাতে ঘটনাস্থলে বিশাল পুলিশ ও আধা-সামরিক বাহিনী মোতায়েন করা হয়।
ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয় এলাকা। তবে নিরাপত্তার কড়াকড়ি সত্ত্বেও যতক্ষণ না পরিবেশমন্ত্রী বা দপ্তরের শীর্ষ আধিকারিকরা তাঁদের সঙ্গে কথা বলে দূষণ রোধে সুনির্দিষ্ট পদক্ষেপের আশ্বাস দিচ্ছেন, ততক্ষণ এই আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।




