নিউজ ডেস্ক: রাজকীয় সফর ঘিরে ইতিমধ্যে আন্তর্জাতিক মহলে তৈরি হয়েছে কৌতূহল। পরিবেশ সংরক্ষণ থেকে শুরু করে ক্রিকেট, সিনেমা এবং দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ক, একাধিক বিষয়কে সামনে রেখে সাজানো হয়েছে তাঁদের ভারত সফরের কর্মসূচি। তবে সফরের শেষ পর্যায়ে একটি কর্মসূচি বিশেষভাবে নজর কেড়েছে। ব্রিটেনের রাজ পরিবারের দুই গুরুত্বপূর্ণ সদস্যের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ঘিরে কূটনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা।
সোমবার, ১৬ নভেম্বর তিন দিনের ভারত সফরে মুম্বই পৌঁছেছেন ব্রিটেনের প্রিন্স অব ওয়েলস উইলিয়াম এবং প্রিন্স অব ওয়েলস ক্যাথরিন। বুধবার, ১৮ নভেম্বর নয়া দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে তাঁদের। উল্লেখযোগ্য বিষয় এই বৈঠকের প্রথম দিকে সফরের নির্ধারিত কর্মসূচি ছিল না। প্রধানমন্ত্রী মোদী ফিলিপিনসে এশিয়ান শীর্ষ সম্মেলন সফর সেরে নির্দিষ্ট সময়ে দেশে ফিরতে পারবেন বলে নিশ্চিত হওয়ার পরেই বৈঠকের বিষয়টি চূড়ান্ত হয়। ফলে রাজকীয় দম্পতির সফরসূচিতে যুক্ত হয় দিল্লি সফর।
এই সফরের অন্যতম প্রধান আকর্ষণ ১৭ নভেম্বর মুম্বইয়ে আয়োজিত ২০২৬ সালের 'আর্থশট প্রাইজ'। প্রিন্স উইলিয়াম এর উদ্যোগে ২০২০ সালে শুরু হয়েছিল এই পুরস্কার। পরিবেশ ও জলবায়ু সংক্রান্ত সমস্যার মোকাবিলায় অভিনব সমাধান খুঁজে বের করায় এর মূল লক্ষ্য। পাঁচটি বিভাগের নির্বাচিত ৫ বিজয়ী প্রত্যেকে পাবেন ১০ লক্ষ পাউন্ড করে পুরস্কার। পরিবেশ রক্ষায় নতুন প্রযুক্তি ও উদ্যোগকে আরও এগিয়ে নিয়ে যেতে এই পুরস্কার দেওয়া হয়। সফরে পরিবেশ সংক্রান্ত কর্মসূচির পাশাপাশি রয়েছে গলি ক্রিকেট, মুম্বাইয়ে মেট্রোর যাত্রা, ভারতীয় চলচ্চিত্র জগতের সঙ্গে পরিচিত হওয়ার আয়োজন।
তবে, এই সফর ক্যাথরিন এর কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। ২০২৪ সালে ক্যান্সার ধরা পড়া এবং চিকিৎসার পর এটিই তাঁর প্রথম উল্লেখযোগ্য দীর্ঘপথের বিদেশ সফর। এর আগে ২০১৬ সালে ভারত ও ভুটান সফরে এসে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন উইলিয়াম ও ক্যাথেরিন। প্রায় এক বছর পর ফের তাঁদের সাক্ষাৎ হতে চলেছে। ভারত-ব্রিটেনের কূটনৈতিক সম্পর্ক, বাণিজ্য, প্রযুক্তি, শিক্ষা ও পরিবেশ সংক্রান্ত সহযোগিতা নিয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে এই বৈঠকে।




