কলকাতা: মায়ের শারীরিক অবস্থার অবনতি দেখে বারবার নার্সদের জানিয়েছিলেন ছেলে। কিন্তু অভিযোগ, তাতেও মেলেনি প্রয়োজনীয় সাড়া। শেষ পর্যন্ত রক্তচাপ বেড়ে ২২০/৯৫! দ্রুত চিকিৎসা শুরু না হওয়ায় এখন ভেন্টিলেশনে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন পূর্ব মেদিনীপুরের ৭৭ বছরের বৃদ্ধা অঞ্জনা মান্না। এসএসকেএম হাসপাতালের অধীনস্থ অ্যানেক্স রামরিক হাসপাতালে চিকিৎসায় গাফিলতির এই অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
ঘটনার সূত্রপাত গত সপ্তাহে। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যা নিয়ে সোমবার রাতে অঞ্জনা মান্নাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করান তাঁর ছেলে উৎপল মান্না। তাঁকে নিউরো মেডিসিন বিভাগের হাইপার অ্যাকিউট স্ট্রোক ইউনিটে রাখা হয়।
উৎপল পেশায় একজন মেডিক্যাল টেকনোলজিস্ট। তাঁর অভিযোগ, মঙ্গলবার বিকেলে মাকে দেখতে গিয়ে বেডের পাশে থাকা মনিটরে রক্তচাপ ১৮৫/৯০ দেখতে পান তিনি। সঙ্গে সঙ্গে কর্তব্যরত দুই নার্সকে বিষয়টি জানান। কিন্তু অভিযোগ, তাঁরা বিষয়টিকে গুরুত্ব না দিয়ে উল্টে তাঁকেই প্রশ্ন করতে শুরু করেন। এমনকি স্ট্রোক কত প্রকার, তা নিয়েও প্রশ্ন করা হয় বলে দাবি উৎপলের।
এরপর মায়ের শারীরিক অবস্থার অবনতি হতে থাকলেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ পরিবারের। উৎপলের ভাই হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন। সেই সময়ের মধ্যেই রক্তচাপ বেড়ে ২২০/৯৫ হয়ে যায় বলে দাবি পরিবারের।
পরিবারের অভিযোগ, শেষ পর্যন্ত অ্যাসিস্ট্যান্ট সুপারের হস্তক্ষেপে অন্য এক নার্স এসে রক্তচাপ কমানোর ওষুধ দেন। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে বলে দাবি তাঁদের। পরে চিকিৎসকেরা পরীক্ষা করে অঞ্জনাকে আইসিইউতে স্থানান্তরিত করেন। রবিবার তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হলে ভেন্টিলেশনে রাখা হয় তাঁকে। হাসপাতাল সূত্রেও তাঁর অবস্থা সঙ্কটজনক বলে জানা গিয়েছে।
এই ঘটনায় এসএসকেএম কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য ভবনের শীর্ষকর্তাদের কাছে ইমেল করে লিখিত অভিযোগ জানিয়েছেন উৎপল। তাঁর দাবি, চিকিৎসা সংক্রান্ত নথি খতিয়ে দেখে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে। ওই সময়ে দ্রুত চিকিৎসা শুরু হলে পরিস্থিতি অন্যরকম হতে পারত বলেও আশঙ্কা পরিবারের।
অন্যদিকে, অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখার জন্য এসএসকেএম কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ভবন। নার্সেস ইউনিটির তরফেও ঘটনার দুই পক্ষের বক্তব্য শোনার কথা জানানো হয়েছে।
এখন প্রশ্ন, গুরুতর অসুস্থ রোগীর রক্তচাপ বিপজ্জনকভাবে বেড়ে যাওয়ার পরেও কেন দ্রুত পদক্ষেপ করা হল না? সত্যিই কি চিকিৎসায় গাফিলতি হয়েছিল, নাকি ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে? তদন্তের রিপোর্টেই স্পষ্ট হবে গোটা বিষয়টি।




