নিউজ ডেস্ক: দেখতে দেখতে পেরিয়ে গেছে প্রায় তিন মাস। কেটে গিয়েছে দিনের পর দিন, মাসের পর মাস। তবুও মেলেনি কোনও নিশ্চিত খবর। অপেক্ষার প্রহর গুনছে একটি পরিবার। কখনও পরিচিতি কারোর ফোনে, কখনও সমাজমাধ্যমে কোনও অজানা ব্যক্তির বার্তা- প্রতিটি খবরকেই আঁকড়ে ধরতে চাইছেন তাঁরা। কিন্তু এতদিন পরেও কাটেনি অনিশ্চয়তা। এখনও বিশ্বাস হারাতে নারাজ পরিবারের সদস্যেরা।
নেপালে প্রাকৃতিক বিপর্যয়ের পর থেকেই নিখোঁজ রয়েছেন বিজেপি নেতা মুকুল রায়ের পুত্রবধূ শর্মিষ্ঠা ভৌমিক রায়। গত ২৬ আগস্ট থেকে তাঁর কোনও সন্ধান পাওয়া যায়নি। স্ত্রীকে খুঁজে পেতে এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছেন স্বামী শুভ্রাংশু রায়। নিয়মিত সমাজ মাধ্যমে শর্মিষ্ঠার ছবি এবং নিখোঁজ সংক্রান্ত পোস্ট করেছেন তিনি। কারও কাছে তাঁর স্ত্রীর কোনও খবর থাকলে নির্দিষ্ট ফোন নম্বরে যোগাযোগ করার আবেদনও জানিয়েছেন।
জানা গিয়েছে, কলকাতার পর্যটন সংস্থা 'চলো যাই' এর উদ্দেশ্যে ৩২ জনের একটি পর্যটক দল গত ২১ আগস্ট নেপালের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। তাঁদের গন্তব্য ছিল কৈলাস-মানস-সরোবর। সেই দলেই ছিল শর্মিষ্ঠা। তিনি একাই এই যাত্রায় অংশ নিয়েছিলেন। কিন্তু নেপালে বিপর্যয় ঘটার পর থেকে তাঁর আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।
শুভ্রাংশুর প্রকাশিত নিখোঁজ পোস্টার অনুযায়ী, গত ২৬ আগস্ট সকাল পৌনে নটা নাগাদ তিব্বত সীমান্তের কাছে গিরং পোর্ট এলাকায় শেষবারের জন্য দেখা গিয়েছিল শর্মিষ্ঠাকে। তারপরে কার্যত অন্ধকারে পরিবার। এর আগে শুভ্রাংশ জানিয়েছেন, তাঁর বিশ্বাস তাঁর স্ত্রীর সুস্থ রয়েছেন। সম্ভবত চীন ও তিব্বতের কোনও সীমান্তে রয়েছেন তিনি। কিন্তু সেই আশার এখনও কোনও নিশ্চিত ভিত্তি মেলেনি।
শর্মিষ্ঠার খোঁজ পেতে শুভ্রাংশু যে ফোন নম্বরটি সমাজ মাধ্যমে শেয়ার করেছেন, সেটি হল ৯০৫১৩৭৭০৬৮। কারও কাছে কোনও তথ্য থাকলে ওই নম্বরে যোগাযোগ করে জানানোর আবেদন জানিয়েছেন তিনি।
শুধু শর্মিষ্ঠা নন, নেপালে নিখোঁজ হওয়া বাংলার আরও একাধিক পর্যটক ও শ্রমিকের পরিবার একইভাবে অপেক্ষায় দিন কাটাচ্ছে। আন্তর্জাতিক আইন ও প্রশাসনিক জটিলতায় উদ্ধার ও সন্ধানের প্রক্রিয়া কঠিন হয়ে উঠেছে। সম্প্রতি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও নিখোঁজদের পরিবারের সঙ্গে বৈঠক করে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তবুও শর্মিষ্ঠার পরিবারে এখন একটাই প্রশ্ন, কবে ফিরবেন তিনি?




