নিউজ ডেস্ক: কলকাতা হাইকোর্টে বড়সড় আইনি জটিলতার মুখে পড়লেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারব্যবস্থা ও বিচারপতিদের নিয়ে সমাজমাধ্যমে বিরূপ মন্তব্য করার অভিযোগে তাঁর বিরুদ্ধে ফৌজদারি আদালত অবমাননা বা ‘ক্রিমিন্যাল কনটেম্পট’-এর অভিযোগ উঠেছে। বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চ এই ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শোকজ করার পাশাপাশি আগামী ১৫ দিনের মধ্যে জবাব তলব করেছে।
একইসঙ্গে, আদালতের এই কড়া অবস্থানের পরই অভিষেককে তীব্র আক্রমণ শানিয়েছেন বিজেপি নেতা তথা রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল খাঁ।
ঘটনার সূত্রপাত গত ৭ নভেম্বর। সেদিন ছিল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। অভিযোগ, ওই দিন রাতে তাঁর বাড়ির বাইরে তীব্র উত্তেজনা ও অশান্তির পরিস্থিতি তৈরি হয়। সেই ঘটনার প্রেক্ষিতে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে সরাসরি কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন অভিষেক। তিনি কটাক্ষের সুরে লেখেন, “এই গোটা ঘটনায় নীরব দর্শক হয়ে থাকার জন্য ধন্যবাদ।”
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা বাড়ানো সংক্রান্ত একটি মামলার শুনানিতে এদিন বিষয়টি আদালতের নজরে আনেন রাজ্য সরকারের আইনজীবী। তিনি বিচারপতিদের উদ্দেশে করা অভিষেকের সেই পোস্টের কথা উল্লেখ করে জানান, সাংসদ প্রশ্ন তুলেছেন যে কয়েকজন বিচারপতি ঠিকমতো বিচার করছেন না। এর পরিপ্রেক্ষিতে বিচারপতি কৃষ্ণা রাও কড়া পর্যবেক্ষণ জানিয়ে বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কেবল একজন সাংসদ নন, তিনি এই মামলার একজন মামলাকারীও। বিচারাধীন বিষয়ে এভাবে প্রভাব খাটানোর চেষ্টা বা বিশৃঙ্খলা সৃষ্টি করা ফৌজদারি আদালত অবমাননার শামিল। বিচারপতি আরও জানতে চান, অভিষেকের তালিকায় কোন কোন বিচারপতির নাম রয়েছে? সেই তালিকা প্রকাশ্যে আনা হোক, তাহলেই স্পষ্ট হয়ে যাবে কে বিজেপি আর কে তৃণমূল। কেন তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার দায়ে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা শোকজের জবাবে স্পষ্ট করতে বলা হয়েছে।
পাশাপাশি, সাংসদের নিরাপত্তা বাড়ানোর বিষয়টি আগামী ২ সপ্তাহের মধ্যে পুনর্বিবেচনা করার জন্য রাজ্যের স্বরাষ্ট্রসচিবকে নির্দেশ দিয়েছে আদালত। মামলাটির পরবর্তী শুনানি ধার্য হয়েছে আগামী ৮ ডিসেম্বর।
হাইকোর্টের এই নির্দেশ সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। আদালতের এই ভর্ৎসনাকে হাতিয়ার করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন ইন্দ্রনীল খাঁ। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেকে দেশের আইন ও সংবিধানের ঊর্ধ্বে মনে করেন। কিন্তু সংবিধানের ওপরে কেউ নন, আইনের চোখে প্রত্যেকেই সমান।” ইন্দ্রনীলের কটাক্ষ, কেউ নিজেকে যত বড় ‘ভাইপো’ বা ‘যুবরাজ’ মনে করুন না কেন, দেশের আইনকে বুড়ো আঙুল দেখিয়ে অপমানজনক বক্তব্য রাখলে তার জবাব দিতেই হবে। সাধারণ মানুষকে সুরক্ষিত রাখতে আইন তার নিজস্ব পথেই চলবে বলে মন্তব্য করেন তিনি।




