নিউজ ডেস্ক: রাজনীতির ময়দান থেকে বেশ কিছুদিন ধরেই যেন লোকচক্ষুর আড়ালে চলে গিয়েছিলেন। তবে রবিবার সন্ধ্যায় আচমকাই সোশ্যাল মিডিয়ায় তাঁর প্রত্যাবর্তন ঘটল, আর ফিরেই শোরগোল ফেলে দিলেন দেবাংশু ভট্টাচার্য। তবে এবার কোনো রাজনৈতিক তর্জা বা স্লোগান নিয়ে নয়, একেবারে ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায়ের কথা জানালেন এই তরুণ তৃণমূল নেতা। ফেসবুকে নিজের ‘রিলেশনশিপ স্টেটাস’ বদলে তিনি জানিয়েছেন, বাগদান পর্ব সেরে ফেলেছেন।
রবিবার সন্ধ্যায় দেবাংশুর ফেসবুক প্রোফাইলে জ্বলজ্বল করতে দেখা যায় ‘এনগেজড’ স্টেটাস। ব্যস, এটুকুই। হবু স্ত্রীর নাম, পরিচয় বা কোনো ছবি তিনি প্রকাশ করেননি। আর দেবাংশুর এই রাখঢাকই রাজনৈতিক মহল থেকে শুরু করে নেটপাড়ায় কৌতূহলের পারদ চড়িয়ে দিয়েছে। কে সেই পাত্রী? তা নিয়ে ইতিমধ্যেই জোর জল্পনা শুরু হয়েছে।
দলীয় ও ঘনিষ্ঠ সূত্রে খবর মিলছে, দেবাংশুর হবু জীবনসঙ্গিনী হুগলির উত্তরপাড়ার মেয়ে। যদিও কর্মসূত্রে তিনি বর্তমানে সুদূর দুবাইয়ে থাকেন। জানা গিয়েছে, একটি বেসরকারি বিমান সংস্থায় কর্মরত ওই তরুণী। তবে তাঁর ঠিক কী পদ, তা নিয়ে দলের অন্দরেই দু’রকম মত শোনা যাচ্ছে।
তৃণমূলের একাংশের দাবি, দেবাংশুর হবু স্ত্রী পেশায় একজন পাইলট বা বিমানচালিকা। অন্যদিকে, আরেকটি অংশের মতে তিনি বিমানসেবিকা। যেহেতু দেবাংশু নিজে থেকে পাত্রীর পরিচয় বা ছবি সামনে আনেননি, তাই গোপনীয়তার স্বার্থেই তাঁর নাম বা ছবি এখনই প্রকাশ্যে আনা হচ্ছে না।
এদিকে দেবাংশুর এই বাগদানের খবরে রবিবার সন্ধ্যা থেকেই শাসকদলের অন্দরে এক মজার বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। অনেকেই ধরে নিয়েছিলেন, খড়দহের এক পরিচিত ছাত্রনেত্রীর সঙ্গেই হয়তো আংটি বদল সেরেছেন দেবাংশু। ফলে ওই ছাত্রনেত্রীর ফোনে শুভেচ্ছাবার্তার বন্যা বয়ে যায়। বাধ্য হয়েই তিনি স্পষ্ট করে জানান, এই বাগদানের খবরের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই।
রাজ্যে রাজনৈতিক পালাবদলের আগে তৃণমূলের অন্যতম পরিচিত মুখ এবং মুখপাত্র ছিলেন দেবাংশু। বিশেষ করে ২০২১ সালের বিধানসভা ভোটের আগে তাঁর ‘খেলা হবে’ স্লোগান ও গান রাজ্য ছাড়িয়ে জাতীয় রাজনীতিতেও তুমুল আলোড়ন ফেলেছিল। ডিজিটাল প্রচার এবং ধারালো বক্তব্যের জন্য তিনি দলের প্রথম সারিতে উঠে এসেছিলেন। তবে নির্বাচনী লড়াইয়ে সাফল্য অধরাই থেকেছে। ২০২৪-এর লোকসভা ভোটে তমলুক কেন্দ্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে পরাজিত হওয়ার পর, চলতি বছরের বিধানসভা নির্বাচনে চুঁচুড়া কেন্দ্র থেকে লড়েও হারের মুখ দেখতে হয় তাঁকে।
রাজ্যে ক্ষমতাবদলের পর থেকে সেভাবে আর প্রকাশ্যে দেখা যেত না দেবাংশুকে। যেন অনেকটা অন্তরালেই চলে গিয়েছিলেন। অবশেষে ব্যক্তিগত জীবনের এই সুখবর দিয়েই সোশ্যাল মিডিয়ায় ফিরলেন তিনি। জীবনের নতুন ইনিংস শুরু করলেও, হবু স্ত্রীকে নিয়ে রহস্যটা আপাতত জিইয়েই রাখলেন বঙ্গ রাজনীতির এই পরিচিত মুখ।




