নিউজ ডেস্ক: ইনস্টাগ্রাম খুললেই একের পর এক রিলস, অচেনা অ্যাকাউন্টের ভিডিও কিংবা এমন কিছু ছবি ও কনটেন্ট সামনে চলে আসে, যা অনেক সময় ব্যবহারকারীদের অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে যৌন ইঙ্গিতপূর্ণ ছবি, আপত্তিকর ভিডিও এবং হিংসাত্মক দৃশ্যের অবাধ সুপারিশ নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন উঠছিল। এবার সেই সমস্যায় লাগাম টানতে বড় পদক্ষেপ করল মেটা। ভারতের ব্যবহারকারীদের জন্য ইনস্টাগ্রামের AI-নির্ভর কনটেন্ট রেকমেন্ডেশন ব্যবস্থাকে আরও শক্তিশালী করল সংস্থাটি। ফলে এবার থেকে ব্যবহারকারীদের ফিডে এ ধরনের কনটেন্ট পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আরও সতর্ক থাকবে ইনস্টাগ্রামের অ্যালগরিদম।
মেটার তরফে ১৬ নভেম্বর প্রকাশিত ঘোষণায় জানানো হয়েছে, গত এক বছর ধরে ভারতে ইনস্টাগ্রামের ডিফল্ট কনটেন্ট সুরক্ষা ব্যবস্থা উন্নত করার কাজ চলছে। সেই ব্যবস্থার অংশ হিসেবেই আরও উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI মডেল ব্যবহার করা হচ্ছে। এই প্রযুক্তি কোনও পোস্ট বা ভিডিও ব্যবহারকারীদের কাছে সুপারিশ করার আগেই সেটি পরীক্ষা করতে পারবে। বিশেষ করে যৌন ইঙ্গিতপূর্ণ বিষয়বস্তু এবং হিংসা প্রদর্শনকারী কনটেন্টকে সুপারিশের তালিকা থেকে দূরে রাখাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।
কোন কোন জায়গায় কার্যকর হবে নতুন নিয়ম?
ইনস্টাগ্রামের তিনটি গুরুত্বপূর্ণ বিভাগে এই পরিবর্তনের প্রভাব পড়বে। সেগুলি হল Reels, Explore এবং Feed। এই বিভাগগুলিতে সাধারণত এমন সব অ্যাকাউন্টের ছবি, ভিডিও ও পোস্ট সামনে আসে, যেগুলিকে ব্যবহারকারী নিজে ফলো করেন না। নতুন AI ব্যবস্থার মাধ্যমে এই ধরনের অ্যাকাউন্ট থেকে আসা সংবেদনশীল কনটেন্টের প্রচার বা সুপারিশ আরও নিয়ন্ত্রণ করা হবে।
তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। মেটা স্পষ্ট করেছে, সব আপত্তিকর কনটেন্টের উপর সরাসরি নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে না। কারণ, ইনস্টাগ্রামের Community Standards এবং Recommendations Guidelines এক বিষয় নয়। কোনও পোস্ট Community Standards লঙ্ঘন করলে সেটি প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেওয়া হয়। অন্যদিকে, কিছু কনটেন্ট প্ল্যাটফর্মে থাকার অনুমতি পেলেও তা বৃহত্তর দর্শকের কাছে সুপারিশ করার উপযুক্ত নাও হতে পারে। অর্থাৎ, কনটেন্টটি ইনস্টাগ্রামে থাকতে পারে, কিন্তু অ্যালগরিদম সেটিকে আর আগের মতো ছড়িয়ে দেবে না।
ব্যবহারকারীদের অভিযোগ কমেছে ৫০ শতাংশ!
মেটার দাবি, নতুন সুরক্ষা ব্যবস্থার ফলে গত এক বছরের তুলনায় ভারতে সুপারিশ করা কনটেন্ট নিয়ে ব্যবহারকারীদের রিপোর্ট করার হার প্রায় ৫০ শতাংশ কমেছে। যদিও কত সংখ্যক পোস্ট ফিল্টার করা হয়েছে বা কী পদ্ধতিতে এই পরিসংখ্যান তৈরি হয়েছে, তার বিস্তারিত হিসাব প্রকাশ করেনি সংস্থাটি।
সরকারি নজরদারির আবহে বাড়তি সতর্কতা
এই পদক্ষেপ এমন এক সময়ে এল, যখন ভারতে সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম এবং কনটেন্ট নিয়ন্ত্রণ নিয়ে বাড়ছে সরকারি নজরদারি। গত ১০ অক্টোবর কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রক (MeitY) মেটাকে একটি পরামর্শ জারি করে র্যাঙ্কিং ও রেকমেন্ডেশন ব্যবস্থা পর্যালোচনা করতে বলেছিল। বিভ্রান্তিকর, বিকৃত বা প্রসঙ্গবহির্ভূত তথ্য যাতে অ্যালগরিদমের মাধ্যমে অতিরিক্ত প্রচার না পায়, সে বিষয়ে সতর্ক করা হয়েছিল। তবে নতুন পরিবর্তনগুলি ওই সরকারি পরামর্শের সরাসরি ফল কি না, তা স্পষ্ট করেনি মেটা।
নিজের ফিড নিয়ন্ত্রণ করবেন কীভাবে?
শুধু AI-এর উপর নির্ভর না করে ব্যবহারকারীদের হাতেও রয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ। Settings and Activity-এর Content Preferences বিভাগে গিয়ে Sensitive Content Control ব্যবহার করে সংবেদনশীল কনটেন্ট কমানোর সুযোগ রয়েছে। কোনও পোস্ট পছন্দ না হলে তিনটি ডট মেনু থেকে ‘Not Interested’ নির্বাচন করা যায়। এছাড়া Hidden Words-এর মাধ্যমে নির্দিষ্ট শব্দ, বাক্যাংশ ও ইমোজি ফিল্টার করা সম্ভব।
কিশোর-কিশোরীদের জন্যও রয়েছে অতিরিক্ত সুরক্ষা। Teen Accounts-এর মাধ্যমে তাঁদের অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে 13+ কনটেন্ট সেটিংস কার্যকর থাকে।
ইনস্টাগ্রামে এবার শুধু কী পোস্ট করা হচ্ছে, তা নয়, ব্যবহারকারীদের সামনে কোন কনটেন্ট পৌঁছবে, সেই সিদ্ধান্তেও আরও বড় ভূমিকা নিতে চলেছে AI। তবে এই নতুন ব্যবস্থা বাস্তবে কতটা কার্যকর হয়, তা বোঝা যাবে আগামী দিনে ব্যবহারকারীদের অভিজ্ঞতা থেকেই।




