নিউজ ডেস্ক: প্রতিরক্ষা, নিরাপত্তা, বাণিজ্য ও বিনিয়োগ-সহ একাধিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও মজবুত করতে আলোচনা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফিলিপিন্সের প্রেসিডেন্ট ফার্দিনান্দ আর মার্কোস জুনিয়র। মঙ্গলবার ম্যানিলায় আসিয়ান (ASEAN) শীর্ষ সম্মেলনের ফাঁকে দুই রাষ্ট্রনেতার এই বৈঠক হয়। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক আরও গভীর করার উদ্যোগের মধ্যেই এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, প্রতিরক্ষা ও নিরাপত্তা, মহাকাশ গবেষণা, রেল পরিকাঠামো, ফিনটেক, বাণিজ্য এবং বিনিয়োগের মতো বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতায় সাম্প্রতিক সময়ে গতি এসেছে। বৈঠকে সেই সহযোগিতা আরও বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেন মোদী ও মার্কোস। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও মত বিনিময় করেন তাঁরা।
চলতি বছরে আসিয়ানের সভাপতিত্ব সফল ভাবে সামলানোর জন্য ফিলিপিন্সকে অভিনন্দন জানান মোদী। ২০২৪ সাল থেকে আসিয়ানে ভারতের দেশ-সমন্বয়কারীর দায়িত্ব পালন করছে ফিলিপিন্স। ভারত-আসিয়ান সম্পর্ক আরও শক্তিশালী করার ক্ষেত্রে ফিলিপিন্সের ধারাবাহিক সহযোগিতার প্রশংসাও করেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, ২০২৫ সালের অগস্টে মার্কোস জুনিয়রের ভারত সফরের সময় দুই দেশের সম্পর্ক কৌশলগত অংশীদারিত্বের পর্যায়ে উন্নীত হয়েছিল। তার পর সেপ্টেম্বরে নয়াদিল্লিতে ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে দুই নেতার ফের সাক্ষাৎ হয়। সেই সময় আসিয়ানের বর্তমান সভাপতি হিসেবে মার্কোসকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন মোদী।
ভারত ও ফিলিপিন্সের প্রতিরক্ষা সহযোগিতার অন্যতম গুরুত্বপূর্ণ দিক ব্রহ্মস ক্ষেপণাস্ত্র। ২০২৪ সালের এপ্রিলে ফিলিপিন্সকে প্রথম দফার ব্রহ্মস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহ করে ভারত। ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি এই ক্ষেপণাস্ত্র কেনা প্রথম বিদেশি দেশ ফিলিপিন্স। এ ছাড়াও ২০২৫ সালের অগস্টে দক্ষিণ চিন সাগরে দুই দেশের প্রথম দ্বিপাক্ষিক সামুদ্রিক মহড়া অনুষ্ঠিত হয়েছিল।
বাণিজ্যিক সম্পর্কেও উন্নতি হয়েছে দুই দেশের। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২০-২১ অর্থবর্ষে ভারত ও ফিলিপিন্সের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল ২০৩ কোটি ডলার। ২০২৪-২৫ অর্থবর্ষে তা বেড়ে দাঁড়িয়েছে ৩৩৪ কোটি ডলারে।
এদিকে, ২০২৬ সালের আসিয়ান-ভারত শীর্ষ সম্মেলনে সহযোগিতা বাড়াতে ন’টি নতুন উদ্যোগের প্রস্তাব দিয়েছেন মোদী। এর মধ্যে রয়েছে সামুদ্রিক যোগাযোগ ও নাবিকদের নিরাপত্তায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আসিয়ানভুক্ত দেশগুলির পর্যটকদের জন্য বিনামূল্যে ই-ভিসা, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ নিয়ে সহযোগিতা এবং অসামরিক পরমাণু শক্তি ক্ষেত্রে প্রযুক্তিগত আদানপ্রদানের কাঠামো তৈরি।




