নিউ ইয়র্ক: আকাশচুম্বী বহুতলের গায়ে উঠে পড়েছিলেন ১৮ বছরের এক তরুণী। উদ্দেশ্য? শহরের অসাধারণ দৃশ্য দেখা! কিন্তু সেই বিপজ্জনক কাণ্ডের জেরে শেষ পর্যন্ত পুলিশের হাতে গ্রেফতার হতে হল তাঁকে। আদালতে হাজিরার পরেও অবশ্য বিন্দুমাত্র অনুতাপের সুর শোনা যায়নি তাঁর গলায়। বরং দাবি করেছেন, তিনি ‘খুব কুল’ এবং স্বাধীনচেতা বলেই নাকি পুলিশ তাঁকে গ্রেফতার করেছে!
বিলাসবহুল বহুতলের গায়ে ওঠার চেষ্টা
ঘটনাটি নিউ ইয়র্কের ম্যানহাটনের। সেখানকার অভিজাত এলাকা ‘বিলিয়নেয়ার্স রো’-তে অবস্থিত ১,৪২৮ ফুট উঁচু স্টেইনওয়ে টাওয়ারের বাইরের দেওয়াল বেয়ে ওঠার অভিযোগ উঠেছে ভিভিয়ান ওয়ারনকের বিরুদ্ধে। ১৮ বছরের ওই তরুণী আমেরিকার ওরেগনের পোর্টল্যান্ডের বাসিন্দা।
মঙ্গলবার তাঁকে ওই বহুতলের গায়ে উঠতে দেখা যায় বলে জানিয়েছে পুলিশ। পরে সেখান থেকেই তাঁকে আটক করা হয়। তবে কী ভাবে তিনি বহুতলের বাইরের অংশে পৌঁছেছিলেন, কিংবা ঠিক কতটা উপরে উঠেছিলেন, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বহুতলটির বাইরের অংশ বেয়ে ওঠার সময় তাঁকে আটক করা হয়। ঘটনাটি ঘিরে নিরাপত্তা ব্যবস্থার প্রশ্নও উঠেছে।
‘দু’এক তলা উঠেছিলাম, দৃশ্যটা দারুণ’
গ্রেফতারের পর নিজের কাণ্ডের ব্যাখ্যা দিতে গিয়ে ভিভিয়ান জানিয়েছেন, তিনি প্রায় এক সপ্তাহ ধরে নিউ ইয়র্কে রয়েছেন। শহরের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখতেই সেখানে গিয়েছিলেন। স্টেইনওয়ে টাওয়ারে ওঠার পিছনেও ছিল মূলত উপর থেকে শহর দেখার ইচ্ছা।
তাঁর দাবি, মাত্র দু’এক তলা উঠতেই পুলিশ তাঁকে ধরে ফেলে। বহুতলটি সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, সেখানে প্রচুর ধনী মানুষ থাকেন। তবে তাঁর চোখে সবচেয়ে আকর্ষণীয় ছিল উপর থেকে দেখা দৃশ্য। সেই দৃশ্যকে সুন্দর ও অসাধারণ বলেও বর্ণনা করেছেন তিনি।
‘আমি খুব কুল, ওরা সেটা সহ্য করতে পারে না’
তবে সবচেয়ে বেশি চর্চা হচ্ছে পুলিশের হাতে গ্রেফতার হওয়ার কারণ নিয়ে ভিভিয়ানের মন্তব্য। তাঁর দাবি, তিনি স্বাধীনচেতা বলেই পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। তাঁর কথায়, ‘‘আমি খুব কুল, আমি মুক্তমনা। ওরা সেটা সহ্য করতে পারে না। তাই আমাকে গ্রেফতার করেছে।’’
নিজেকে প্যালেস্টাইনপন্থী এবং আমেরিকার অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা আইসিই-বিরোধী বলেও পরিচয় দিয়েছেন তিনি। তবে তাঁর রাজনৈতিক অবস্থানের সঙ্গে এই গ্রেফতারির কোনও যোগ রয়েছে, এমন প্রমাণ মেলেনি। পুলিশের অভিযোগ, অনুমতি ছাড়া বহুতলের বাইরের অংশে ওঠাই ছিল তাঁর অপরাধ।
তিন মাস পর্যন্ত জেল হতে পারে
ভিভিয়ানের বিরুদ্ধে তৃতীয় ডিগ্রির অপরাধমূলক অনুপ্রবেশের অভিযোগ আনা হয়েছে। নিউ ইয়র্কের আইন অনুযায়ী, এটি ‘ক্লাস বি মিসডিমিনার’ বা অপেক্ষাকৃত কম গুরুতর অপরাধ। তবে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ তিন মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে। আদালতে হাজিরার পর তাঁকে আপাতত ব্যক্তিগত মুচলেকায় মুক্তি দেওয়া হয়েছে।
এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে রুশ দম্পতির কাণ্ডও আলোচনায়
নিউ ইয়র্কের আকাশচুম্বী বহুতলে অনুমতি ছাড়া ওঠার ঘটনা অবশ্য নতুন নয়। চলতি বছরের জুলাইয়ে রুশ দম্পতি অ্যাঞ্জেলা নিকোলাউ এবং ইভান কুজনেতসভ এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চূড়ায় উঠে শিরোনামে এসেছিলেন। তাঁরা বহুতলের অ্যান্টেনা পর্যন্ত উঠে একটি ব্যানার মেলে ধরেন। তাতে লেখা ছিল, ‘ভালোবাসার শক্তি যখন ক্ষমতার লোভকে হারায়, তখন পৃথিবী শান্তির সন্ধান পায়।’ সেখানেই ইভান অ্যাঞ্জেলাকে বিয়ের প্রস্তাব দেন বলেও জানা যায়।
ওই ঘটনায় দু’জনকেই গ্রেফতার করা হয়েছিল। তাঁদের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ ওঠে। এবার স্টেইনওয়ে টাওয়ারে ভিভিয়ানের কাণ্ড ফের একবার নিউ ইয়র্কের বহুতলগুলির নিরাপত্তা নিয়ে প্রশ্ন তলে দিল। উঁচু বহুতলের গায়ে দড়ি বা সুরক্ষা সরঞ্জাম ছাড়া ওঠার এই প্রবণতাকে অনেকেই দুঃসাহসিক কীর্তি বলে দেখলেও, বাস্তবে তা প্রাণঘাতী হতে পারে। সামান্য অসতর্কতাতেই ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা। তাই ‘স্বাধীনচেতা’ হওয়ার যুক্তি দিয়ে এমন বিপজ্জনক কাজের দায় এড়ানো কতটা সম্ভব, তা নিয়েই প্রশ্ন উঠছে।




