স্পোর্টস ডেস্ক: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ের আনন্দে নতুন মাত্রা যোগ করল রাজকোটের মারওয়াড়ি বিশ্ববিদ্যালয়। ভারতের চ্যাম্পিয়ন দলের প্রথম একাদশে জায়গা করে নিয়ে নজর কাড়লেন ওই বিশ্ববিদ্যালয়ের দুই পড়ুয়া মোহিত মহেশভাই উলভা ও আরিয়ান দিনেশকুমার সাভসানি। পাকিস্তানের বিরুদ্ধে ফাইনালে শেষ বলে চার মেরে ভারতকে এক উইকেটে জেতানোর নায়ক মহিত। তাঁর অসাধারণ ইনিংসের সুবাদে ম্যাচের সেরার পুরস্কারও পেয়েছেন তিনি।
১০ নম্বরে ব্যাট করতে নেমে মাত্র ২৬ বলে অপরাজিত ৪৯ রান করেন মহিত। পাঁচটি চার ও তিনটি ছক্কায় সাজানো তাঁর ইনিংস। শেষ ওভারে জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল আট রান। শেষ বলে দরকার ছিল তিন। চাপের মুখে সেই বলেই বাউন্ডারি মেরে দলকে এশিয়া কাপ এনে দেন মহিত। ভারতের ইনিংস শেষ হয় ৫০ ওভারে ৯ উইকেটে ৩৩৯ রানে। পাকিস্তানের ৩৩৭ রানের জবাবে এক উইকেটে জয় পায় ভারত।
ফাইনালে বল হাতেও অবদান ছিল আরিয়ানের। সাত ওভার বল করে ৩৬ রান দেন তিনি। উইকেট না পেলেও নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রতিপক্ষের রান তোলার গতি কমানোর চেষ্টা করেন। মারওয়াড়ি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কোটায় পড়াশোনা করছেন দুই ক্রিকেটারই।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ধ্রুব মারওয়াড়ি বলেন, ‘মোহিত ও আরিয়ানকে ভারতের হয়ে খেলতে এবং এশিয়া কাপ চ্যাম্পিয়ন হতে দেখা আমাদের কাছে অত্যন্ত গর্বের মুহূর্ত। এই পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করতে বছরের পর বছর নিষ্ঠা, শৃঙ্খলা, ত্যাগ এবং নিজের উপর অটুট বিশ্বাস প্রয়োজন।
ওরা দু’জনই দেখিয়েছে, প্রতিভার সঙ্গে দৃঢ় সংকল্প থাকলে কী সম্ভব।’ তাঁর আরও বক্তব্য, পড়াশোনার পাশাপাশি খেলাধুলার ক্ষেত্রেও পড়ুয়াদের স্বপ্নপূরণের সুযোগ করে দিতে বিশ্ববিদ্যালয় প্রতিশ্রুতিবদ্ধ। মোহিত ও আরিয়ানের সাফল্য আগামী দিনে আরও তরুণ ক্রিকেটারকে দেশের হয়ে খেলার স্বপ্ন দেখাবে বলেও আশাবাদী তিনি।




