নিউজ ডেস্ক: দলবদল থেকে শুরু করে ঘনঘন অবস্থান বদল সব মিলিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতির চর্চার কেন্দ্রে রয়েছেন হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। এবার সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করে খোদ নিজের লোকসভা কেন্দ্র হাওড়াতেই ক্ষোভের মুখে পড়লেন তিনি। বুধবার সকাল থেকে গঙ্গার দুই পাড় অর্থাৎ হাওড়া শহর এবং কলকাতা প্রেস ক্লাব চত্বরে প্রসূনবাবুর বিরুদ্ধে অসংখ্য পোস্টার সাঁটানো হয়েছে, যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।
সমাজবাদী পার্টির নামে সাঁটানো ওই পোস্টারগুলিতে বিদ্রুপাত্মক ছবির পাশাপাশি সাংসদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেওয়া হয়েছে। কোথাও তাঁকে ‘নিখোঁজ প্রসূণ বাবু’ বলে কটাক্ষ করা হয়েছে, তো কোথাও সরাসরি ‘সবথেকে নিষ্ক্রিয় এবং নিষ্কর্মা সাংসদ’ হিসেবে উল্লেখ করে তাঁর পদত্যাগ দাবি করা হয়েছে। পোস্টারের বয়ানে অভিযোগ তোলা হয়েছে, চারবারের সাংসদ হিসেবে প্রসূন বন্দ্যোপাধ্যায় সমস্ত সরকারি সুযোগ-সুবিধা ভোগ করলেও সাধারণ মানুষ তাঁর কাছ থেকে কোনও সহযোগিতাই পাননি।
উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের টিকিটে এবং বিজেপি-বিরোধী ভোটে জয়ী হয়ে সংসদে গেলেও, পরবর্তীতে তিনি এনসিপিআই দলে যোগ দেন। নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করার ক্ষেত্রে বারবার সময় চেয়েও তিনি এখনও চূড়ান্ত কিছু জানাতে পারেননি, যা নিয়ে ইতিমধ্যেই কড়া অবস্থান নিয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। এরই মধ্যে গত ১৩ নভেম্বর কলকাতায় তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের পাশে বসে পুরনো দলে ফেরার ইঙ্গিত দিয়ে নতুন জল্পনা উসকে দিয়েছিলেন তিনি। যদিও পরদিন, অর্থাৎ ১৪ নভেম্বরই একটি বিবৃতি জারি করে সেই অবস্থান থেকে সরে আসেন প্রসূনবাবু। নেতার এই ঘনঘন ‘ডিগবাজি’ সাধারণ ভোটাররা মোটেই ভালো চোখে দেখছেন না।
হাওড়ার স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে, মানুষের ভোটে জিতে এভাবে দলবদল করে তিনি আসলে ভোটারদেরই অপমান করেছেন। দীর্ঘদিনের জমে থাকা সেই ক্ষোভই এবার পোস্টারের আকারে প্রকাশ্যে এসেছে বলে মনে করা হচ্ছে। তবে কলকাতা ও হাওড়ার বিস্তীর্ণ এলাকায় কারা রাতের অন্ধকারে এই পোস্টার লাগিয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
অন্যদিকে, কুকথা ও কটাক্ষে ভরা এই পোস্টার-কাণ্ডের খবর সাংসদের কানে পৌঁছলেও, গোটা বিষয়টি নিয়ে তিনি এখনও মুখে কুলুপ এঁটে রয়েছেন।




