নিউজ ডেস্ক: বাইরে থেকে দেখলে আর পাঁচটা সাধারণ বাড়ির মতই। আশেপাশে বসতি, মানুষের স্বাভাবিক যাতায়াত। কিন্তু সেই বাড়ির ভিতরেই চলছিল এমন এক কারবার, যা মুহূর্তের মধ্যেই ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারত। দীর্ঘদিন ধরে সকলের নজর এড়িয়ে কিভাবে চলছিল এই বেআইনি কাজ? কারা জড়িত ছিল এই চক্রের সঙ্গে? শেষ পর্যন্ত গোপন সূত্রের খবর পেয়ে আসরে নামল তদন্তকারী আধিকারিকেরা।
কলকাতা সারসুনা এলাকায় একটি আবাসিক বাড়িতে হানা দিয়ে বেআইনি গ্যাস কাটিং এর কারবারের পর্দা ফাঁস করল এনফোর্সমেন্ট বাঞ্চ। বুধবার ওই বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ৩২টি গ্যাস সিলিন্ডার উদ্ধার করেছেন আধিকারিকেরা। ঘটনাস্থল থেকে একাধিক ব্যক্তিকে হাতেনাতে পাকড়াও করা হয়েছে বলে খবর।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, একটি আবাসিক বাড়িকে কেন্দ্র করেই চলছিল এই বেআইনি কারবার। সেখানে গ্যাস কাটিং এর পাশাপাশি সিলিন্ডার থেকে গ্যাস স্থানান্তরের কাজও চলছিল বলে সন্দেহ তদন্তকারীদের। কিভাবে এই কাজ পরিচালিত হতো? কোথা থেকে সিলিন্ডার গুলি আনা হয়েছিল? এর পিছনে কোন বড় চক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
তবে সবচেয়ে বেশি উদ্বেগের বিষয় ঘনবসতিপূর্ণ এলাকায় এভাবে গ্যাস নিয়ে বেআইনি কারবার চলছিল বলে অভিযোগ। গ্যাস কাটিং বা গ্যাস এক সিলিন্ডার থেকে অন্য সিলিন্ডারে স্থানান্তরের সময় সামান্য অসাবধানতাও বড়সড় দুর্ঘটনার কারণ হতে পারে। অগ্নিকাণ্ড থেকে বিস্ফোরণ, প্রাণহানির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। ফলে ওই বাড়ির আশেপাশে বসবাসকারী মানুষের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।
অভিযানের ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই বেআইনি কারবারের উৎস ও নেপথ্যে থাকা ব্যক্তিদের সন্ধান পাওয়ার চেষ্টা চলছে। উদ্ধার হওয়া ৩২ টি সিলিন্ডারের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করছেন আধিকারিকরা। সেগুলি গৃহস্থালির নাকি বাণিজ্যিক কাজে ব্যবহৃত হতো, তাও তদন্তের আওতায় রয়েছে। সারসুনার এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আবাসিক এলাকায় এমন বিপজ্জনক কারবার কতদিন ধরে চলছিল, এখন সেটাই তদন্তকারীদের কাছে বড় প্রশ্ন।




