নিউজ ডেস্ক: আজ কার্তিক পুজো । তার আগে থেকেই শুরু হয়েছে সবার বাড়ির সামনে গিয়ে কার্তিক ঠাকুর ফেলা। দরজা খুললেই দেখা যাচ্ছে বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছেন কার্তিক ঠাকুর। কার্তিক পুজোকে কেন্দ্র করে এবার নতুন চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। রাতের অন্ধকারে চুপি চুপি বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের বাড়ির সদর দরজার সামনে রেখে যাওয়া হয় কার্তিক ঠাকুর। শুধু তাই নয়, মূর্তির গায়ে সাঁটানো ছিল একটি চিরকুটও। আর সেই চিরকুটে কুণাল ঘোষের নামের পাশাপাশি উল্লেখ রয়েছে অর্পিতা চৌধুরী নামে এক মহিলার নাম। ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই সমাজমাধ্যমে শুরু হয়েছে আলোচনা।
এই ঘটনার ছবি ও ভিডিও নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট করেছেন তৃণমূল কংগ্রেসের সাসপেন্ডেড মুখপাত্র ঋজু দত্ত। প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, কার্তিকের মূর্তির সঙ্গে লাগানো কাগজে লেখা রয়েছে, ‘আমাকে নাও, কুণাল কুমার ঘোষ ও অর্পিতা চৌধুরী।’ তবে কে বা কারা এই মূর্তি কুণাল ঘোষের বাড়ির সামনে রেখে গিয়েছেন, তা এখনও স্পষ্ট নয়। চিরকুটে উল্লেখ থাকা নাম নিয়েও তৈরি হয়েছে কৌতূহল। এই ঘটনা নিয়ে এখনও পর্যন্ত কুণাল ঘোষের কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি।
এদিকে বিয়ের আগেই কার্তিক পড়েছে দেবাংশু ভট্টাচার্যের বাড়িতে। সেই ছবি নিজেই সমাজমাধ্যমে পোস্ট করে লিখেছেন, ‘সকালে উঠে দেখি সদর দরজায় কারা তাঁকে রেখে দিয়ে গিয়েছেন! কিন্তু যারাই করেছেন তাঁদের বলি, আমি এখনও বিবাহিত নই। পারিবারিক আশীর্বাদ পর্ব হয়েছে কেবল! এত উত্তেজিত হবেন না প্লিজ! বিয়ের আগে কে কার্তিক ফেলে যায় বলুন তো? যাই হোক, প্রভু এসেছেন যখন, তাঁকে সপরিবারে সাদরে গ্রহণ করলাম।’
তবে শুধু দেবাংশু নন, এদিক কার্তিক পড়েছে বারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তুভ বাগচীর বাড়িতেও। সোমবার রাতে গানবাজনা-সহ রীতিমতো উৎসবের আয়োজন করে তাঁর বাড়িতে কার্তিক রেখে আসেন দলীয় কর্মীরা। তাঁদের এই কাণ্ড দেখে হাসিতে ফেটে পড়েন কৌস্তভ। সব মিলিয়ে কার্তিক পুজোকে ঘিরে কুণাল ঘোষ ও কৌস্তভ বাগচী, দেবাংশু ভট্টাচার্যের বাড়ির ঘটনা নিয়ে সরগরম রাজ্য রাজনৈতিক মহল।




