নিউজ ডেস্ক: কখনও আদালতের নির্দেশ, কখনও রাজনৈতিক মন্তব্য আবার কখনও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন একাধিক বিতর্কে জড়িয়ে ক্রমেই উত্তপ্ত হচ্ছে রাজ্য রাজনীতি। সাম্প্রতিক একটি আইনি পদক্ষেপের পর সেই সংঘাত আরও এক নতুন মাত্রা পেল। এবার সরাসরি বিচার ব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে পাল্টা আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের একক বেঞ্চ আদালত অবমাননার অভিযোগে অভিষেককে শোকজ নোটিশ দিয়েছে। ১৫ দিনের মধ্যে হলফনামা দিয়ে তাঁকে জানাতে হবে কেন তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হবে না এবং কেন শাস্তি মূলক ব্যবস্থা নেওয়া হবে না। গত সাত নভেম্বর ফেসবুকে বিচার ব্যবস্থা ও বিচারপতিদের নিরপেক্ষতা নিয়ে অভিষেকের করা মন্তব্যকে কেন্দ্র করেই এই পদক্ষেপ। আদালতের পর্যবেক্ষণ ওই মন্তব্য বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপের চেষ্টা।
এই নির্দেশের পরেই ফের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিশানা করেন অভিষেক। তাঁর প্রশ্ন, তাঁকে যদি শোকজ নোটিশ দেওয়া হয়, তাহলে জ্ঞানেশ কুমারকে কেন একইভাবে শোকজ করা হবে না? নির্বাচনী প্রক্রিয়া এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে দীর্ঘদিন ধরে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব তৃণমূলের এই নেতা।
উল্লেখ্য, গত ১৪ নভেম্বর জ্ঞানেশ কুমারকে নিয়ে পুরনো একটি সোশ্যাল মিডিয়ায় পোস্টের সূত্রে ভবানীপুর থানায় প্রায় চার ঘন্টা জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন অভিষেক। ওই পোস্টে মুখ্য নির্বাচন কমিশনারকে কটাক্ষ করার অভিযোগে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল।
অন্যদিকে, অভিষেকের জেড প্লাস নিরাপত্তা বহাল রাখার আবেদন ও আদালতে উঠে এসেছে। রাজ্যের স্বরাষ্ট্র দফতরকে আগামী দুই সপ্তাহের মধ্যে নিরাপত্তা পর্যালোচনা কমিটির বৈঠক ডেকে তাঁর ঝুঁকি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ফলে আদালতের শোকজ নির্বাচন কমিশনারকে নিয়ে অভিষেকের পাল্টা প্রশ্ন, সব মিলিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে।




