উদয়পুর: পর্যটকদের কাছে রাজস্থানের অন্যতম আকর্ষণীয় শহর উদয়পুর। হ্রদের শহর হিসেবে পরিচিত এই পর্যটনকেন্দ্রে ঘুরতে গিয়ে এবার অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়লেন এক বিদেশি ইউটিউবার। শহরের একটি জনবহুল এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠানের লাইভ সম্প্রচার করছিলেন তিনি। সেই সময় এক যুবক তাঁর কাছে এসে বারবার চুম্বনের আবদার করতে শুরু করে। যুবকের মুখে একটাই কথা, ‘ওয়ান কিস প্লিজ, ওয়ান লিপ কিস’। প্রথমে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন ওই তরুণী। কিন্তু বারবার একই আবদারে বিরক্ত হয়ে স্পষ্ট জানিয়ে দেন, তিনি আগ্রহী নন। তাতেও থামেনি যুবক। শেষ পর্যন্ত গোটা ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। নড়েচড়ে বসে পুলিশ। গ্রেফতার করা হয় অভিযুক্তকে।
লাইভ সম্প্রচারের মাঝেই অস্বস্তিকর পরিস্থিতি
ঘটনাটি ১৩ নভেম্বরের। থাই-ফরাসি ইউটিউবার জাস্টকেথ (JustKeth) তখন উদয়পুরের টাউন হল এলাকার পুরসভার একটি মেলায় উপস্থিত ছিলেন। মোবাইলে সাংস্কৃতিক অনুষ্ঠানের ভিডিয়ো রেকর্ড করার পাশাপাশি লাইভ সম্প্রচারও করছিলেন তিনি। দর্শকদের সঙ্গে কথা বলতে বলতে শহরের পরিবেশ ও অনুষ্ঠান ঘুরিয়ে দেখাচ্ছিলেন।
সেই সময় কালো জামা ও মাথায় টুপি পরা এক যুবক তাঁর কাছে আসে। প্রথমে ছবি তোলার আবদার করে। তরুণী তাতে সম্মতি জানান। কিন্তু তার পরেই পরিস্থিতি বদলে যায়। যুবকটি তাঁকে বলে, ‘ওয়ান কিস প্লিজ, ওয়ান লিপ কিস’। প্রথমে বিষয়টিকে গুরুত্ব না দিলেও যুবকটি বারবার একই কথা বলতে থাকে। তরুণী স্পষ্টভাবে জানিয়ে দেন, তিনি এমন কিছুতে আগ্রহী নন। তাঁর অস্বস্তিও ক্যামেরায় ধরা পড়ে। কিন্তু প্রত্যাখ্যানের পরেও যুবকটি নিজের আবদার চালিয়ে যায়।
ছবি তুলতে রাজি, চুম্বনে নয়
ভিডিয়োয় দেখা যায়, যুবকটির আচরণে যথেষ্ট অস্বস্তিতে পড়েছেন ওই ইউটিউবার। তিনি বারবার আপত্তি জানাচ্ছেন। এমনকী, যুবকের এই আবদারে বিরক্তি প্রকাশ করতেও শোনা যায় তাঁকে। একসময় যুবকটি তাঁর সঙ্গে হাত মেলানোর প্রস্তাব দেয়। তাতেও স্বচ্ছন্দ বোধ করেননি তরুণী। হাত মেলানোর পরিবর্তে ফিস্ট বাম্প করেন তিনি।
https://x.com/sirajnoorani/status/2122334768193003608?a=XUKARLKkG5jhOb3lPhk&s=20
ঘটনার পুরো দৃশ্য লাইভ সম্প্রচারের মাধ্যমে ক্যামেরাবন্দি হয়ে যায়। পরে ১৪ নভেম্বর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিয়োটি পোস্ট করেন ওই ইউটিউবার। তাঁর প্রায় ৭০ হাজার অনুগামী রয়েছেন। ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা দ্রুত ছড়িয়ে পড়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে। মহিলার সম্মতি ছাড়া বারবার এমন ব্যক্তিগত আবদার করা এবং প্রকাশ্য স্থানে তাঁকে অস্বস্তিতে ফেলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন নেটিজেনদের একাংশ।
১৫০টি সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে গ্রেফতার
ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নজরে আসে উদয়পুর পুলিশের। বিদেশি পর্যটকের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগকে গুরুত্ব দিয়ে অভিযুক্তের খোঁজ শুরু হয়। পুলিশ সূত্রে খবর, ঘটনার আশপাশের এলাকার প্রায় ১৫০টি সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হয়। পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে অভিযুক্তের পরিচয় জানার চেষ্টা করেন তদন্তকারীরা।
শেষ পর্যন্ত ২৩ বছরের আফতাব ওরফে গব্বরকে চিহ্নিত করে গ্রেফতার করা হয়। সে উদয়পুরের মহারাজ কা আখাড়া এলাকার বাসিন্দা। পেশায় অটোচালক। সুরজপোল থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার ২৯৬ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এই ধারায় প্রকাশ্য স্থানে অশ্লীল আচরণ বা অশ্লীল গান গাওয়ার মতো অপরাধের কথা বলা হয়েছে।
উদয়পুর পুলিশ ১৬ নভেম্বর সমাজমাধ্যমে একটি বিবৃতি দিয়ে জানায়, বিদেশি মহিলার সঙ্গে শ্লীলতাহানির ঘটনায় দ্রুত পদক্ষেপ করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করে সুরজপোল থানায় মামলা দায়ের করা হয়েছে। নিয়ম মেনে পরবর্তী আইনি পদক্ষেপ চলছে। পর্যটকদের নিরাপত্তা, সম্মান ও মর্যাদার সঙ্গে আপস করা হবে না বলেও স্পষ্ট জানিয়েছে পুলিশ।
গ্রেফতারের পর ক্ষমা চেয়ে ভিডিয়ো
অন্যদিকে, গ্রেফতারের পর অভিযুক্তের একটি ভিডিয়োও সামনে এসেছে। সেখানে নিজের আচরণের জন্য অনুতাপ প্রকাশ করতে দেখা গিয়েছে আফতাবকে। মহিলাদের সম্মান করার বার্তাও দিয়েছে সে। তবে এই ক্ষমাপ্রার্থনার ভিডিয়ো প্রকাশ্যে আসার পরেও মূল ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা থামেনি।
https://x.com/UdaipurPolice/status/2122348659341971779?a=YMm1ZNS-k5B1FBJMaXY&s=20
উল্লেখ্য, ওই ইউটিউবার উদয়পুর ঘোরার জন্য দু'দিন ধরে অভিযুক্তের অটো ভাড়া করেছিলেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। শহরের বিভিন্ন জায়গায় তাঁকে নিয়ে গিয়েছিল আফতাব। সেই পরিচয়ের সূত্রেই টাউন হলের অনুষ্ঠানে তার কাছে যাওয়ার সুযোগ হয়েছিল বলে জানা যাচ্ছে।
পর্যটন শহরে বিদেশি অতিথিদের নিরাপত্তা ও সম্মান নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে এই ঘটনা। বিশেষ করে প্রকাশ্য স্থানে কোনও মহিলার স্পষ্ট অসম্মতি সত্ত্বেও তাঁকে বারবার ব্যক্তিগত সম্পর্কে জড়ানোর প্রস্তাব দেওয়া কতটা সমস্যাজনক, তা নিয়েই সরব হয়েছেন অনেকে। ভাইরাল ভিডিয়োর সূত্র ধরে অভিযুক্তকে গ্রেফতার করলেও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের আরও সক্রিয় ভূমিকার দাবি উঠছে।




