নিউজ ডেস্ক: ‘পুরনো সেই ভয় আবার ফিরে আসছে’, সুপ্রিম কোর্টের সাম্প্রতিক একটি নির্দেশের পর ঠিক এই ভাষাতেই নিজের আতঙ্ক ও অসহায়ত্বের কথা জানালেন বিলকিস বানো। ২০০২ সালের গুজরাট দাঙ্গায় তাঁকে গণধর্ষণ এবং তাঁর পরিবারের সদস্যদের হত্যার দায়ে দোষী সাব্যস্ত ১১ জনের মধ্যে দুজনের সাজা স্থগিত রেখে জামিন মঞ্জুর করেছে শীর্ষ আদালত। এই খবর প্রকাশ্যে আসতেই গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিলকিস। তাঁর আক্ষেপ, এত বড় একটি সিদ্ধান্ত নেওয়ার আগে আদালত তাঁকে কিছু জানায়নি, এমনকি তাঁর বক্তব্য শোনারও প্রয়োজন মনে করেনি।
সোমবার এক বিবৃতিতে বিলকিস তাঁর বিস্ময় ও অবিশ্বাসের কথা তুলে ধরেন। গত ২৮ অক্টোবর বিচারপতি এম এম সুন্দ্রেশ এবং বিচারপতি পি বি ভারালের বেঞ্চ এই নির্দেশ দিয়েছিল, যা সোমবার আদালতের ওয়েবসাইটে আপলোড করা হয়। সংবাদমাধ্যমের খবর থেকেই প্রথম এই জামিনের কথা জানতে পারেন বিলকিস। ক্ষোভের সঙ্গে তিনি বলেন, “আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে দ্বিতীয়বারের মতো সুপ্রিম কোর্ট আমাকে না ডেকে এবং আমার কোনো কথা না শুনেই এমন একটি নির্দেশ দিয়ে দিল। খবরের কাগজ পড়ে আমাকে এই খবর জানতে হলো।”
দীর্ঘ ২৪ বছর ধরে ন্যায়বিচারের জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন বিলকিস। সেই কঠিন দিনগুলোর কথা মনে করে তিনি জানান, অসংখ্য মানুষের সমর্থন ও সহমর্মিতা থেকেই তিনি লড়াই করার অদম্য সাহস পেয়েছিলেন। পরিবার ও বন্ধুদের সহযোগিতায় একটু একটু করে নিজের জীবনটাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন তিনি, খুঁজছিলেন একটু শান্তি। কিন্তু আদালতের এই নতুন নির্দেশ তাঁর সেই সব আশা ও বিশ্বাসকে বড়সড় ধাক্কা দিয়েছে। বিলকিসের কথায়, “যে ন্যায়বিচার পাওয়ার জন্য আমি এতটা লড়াই করলাম, আজ মনে হচ্ছে তা আবার হারিয়ে ফেলছি। চেনা ভয়গুলো ফের মাথাচাড়া দিয়ে উঠছে। আমি আবার ভয় পাচ্ছি,নিজের জন্য, আমার পরিবারের জন্য এবং আমার সন্তানদের জন্য। বিচারব্যবস্থার ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলার ভয় আমাকে তাড়া করে বেড়াচ্ছে।”
আদালতের এই একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধে ফের আইনি লড়াইয়ে নামার অঙ্গীকার করেছেন বিলকিস। ২০০২ সালের ফেব্রুয়ারিতে গোধরা কাণ্ডের পর গুজরাট জুড়ে ছড়িয়ে পড়া সাম্প্রদায়িক দাঙ্গার হাত থেকে বাঁচতে গিয়ে ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছিলেন তিনি। সেই সময় তিনি ছিলেন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। চোখের সামনে হারিয়েছিলেন তাঁর তিন বছরের ছোট্ট মেয়ে সালেহা-সহ পরিবারের সদস্যদের। সেই স্মৃতি আর নিজের সন্তানদের ভবিষ্যতের কথা ভেবেই তিনি আবার লড়াইয়ের ময়দানে নামছেন।
বিলকিস জানান, কোনো নারী বা সাধারণ নাগরিককে যেন সারাজীবন ধরে এভাবে নিজের অস্তিত্ব ও সমানাধিকারের পরীক্ষা দিয়ে যেতে না হয়, সেই তাগিদ থেকেই তিনি এই নির্দেশকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁর কথায়, “আমি এই আদেশের বিরুদ্ধে লড়ব। আমাকে লড়তেই হবে।”




