নিউজ ডেস্ক: বাগদানের সুখবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছিল শুভেচ্ছার বন্যা। কিন্তু সেই আনন্দের মাঝেই সমাজমাধ্যমে ট্রোল ও কটাক্ষের নিশানায় চলে এলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য এবং তাঁর হবু স্ত্রী। এমনকী, রাজনীতির সঙ্গে কোনও সম্পর্ক না থাকা এক তরুণীকেও মিম ও বিদ্রূপের মাধ্যমে আক্রমণ করা হচ্ছে বলে অভিযোগ। এবার সেই সমস্ত কটাক্ষের বিরুদ্ধে সরব হলেন দেবাংশু। সমাজমাধ্যমে দীর্ঘ পোস্ট করে ট্রোলারদের একহাত নিলেন তিনি।
সম্প্রতি নিজের ফেসবুক প্রোফাইলের রিলেশনশিপ স্ট্যাটাসে ‘Engaged’ লিখে জীবনের নতুন অধ্যায়ের কথা জানান দেবাংশু। ১৫ নভেম্বর তাঁর বাগদানের খবর সামনে আসতেই রাজনৈতিক মহল থেকে শুরু করে নেটপাড়ায় শুরু হয় আলোচনা। তবে হবু স্ত্রীর পরিচয় বা ছবি প্রকাশ্যে আনেননি তিনি। বিভিন্ন সূত্রে তাঁর হবু জীবনসঙ্গীর নাম মেঘনা শর্মা বলে দাবি করা হচ্ছে। পেশায় তিনি বিমানসেবিকা বলে জানা গিয়েছে। তবে দেবাংশু নিজে আনুষ্ঠানিকভাবে তাঁর পরিচয় প্রকাশ করেননি।
বাগদানের খবর সামনে আসার পর থেকেই দেবাংশুর ব্যক্তিগত জীবন নিয়ে নানা ধরনের পোস্ট, মিম এবং কটাক্ষ ছড়াতে শুরু করে। শুধু তাঁকেই নয়, তাঁর হবু স্ত্রীকেও এই আক্রমণের মধ্যে টেনে আনা হচ্ছে বলে অভিযোগ।
এই বিষয়েই ক্ষোভ প্রকাশ করে দেবাংশু লেখেন, একজন তরুণী, যাঁর রাজনীতির সঙ্গে কোনও সম্পর্ক নেই, তাঁকেও টেনেহিঁচড়ে বিদ্রূপ করতে ছাড়ছেন না একাংশ। কটাক্ষকারীদের উদ্দেশে তাঁর প্রশ্ন, এই ধরনের পোস্ট করে কি তাঁরা অতিরিক্ত পুণ্য অর্জন করছেন, নাকি স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণের মতো কোনও কৃতিত্ব পাচ্ছেন?
https://www.facebook.com/share/p/1GaLqN2UgP/
এখানেই থামেননি তৃণমূল নেতা। ব্যঙ্গের সুরে ভবিষ্যতের একটি ছবিও তুলে ধরেছেন তিনি। তাঁর কথায়, একদিন হয়তো ট্রোলাররা নিজেদের নাতি-নাতনিদের গর্ব করে বলবেন, একসময় দেবাংশুর স্ত্রীকে নিয়ে মিম তৈরি করে প্রচুর রিচ পেয়েছিলেন তাঁরা!
নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলের পরিবর্তন নিয়েও কটাক্ষ করেছেন দেবাংশু। তাঁর বক্তব্য, দীর্ঘদিন কোনও রাজনৈতিক বা অরাজনৈতিক কর্মসূচিতে তাঁকে দৃশ্যমান না পাওয়া গেলেও, প্রোফাইলে একটি শব্দ পরিবর্তন করতেই কিছু পেজের রিচ বেড়ে গিয়েছে। আগে জানলে নাকি প্রতিদিন একবার করে প্রোফাইলের তথ্য বদলাতেন তিনি!
পাশাপাশি ট্রোলারদের উদ্দেশে সমাজের উপকারে লাগে এমন গঠনমূলক কাজ করার পরামর্শও দিয়েছেন দেবাংশু। অযথা ইন্টারনেট নষ্ট করে এই ধরনের বিদ্রূপে সময় ব্যয় না করার আবেদন জানিয়েছেন তিনি।
তবে নেতিবাচক মন্তব্যের পাশাপাশি শুভেচ্ছা ও ভালোবাসাও পেয়েছেন প্রচুর। বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের নেতারাও ব্যক্তিগতভাবে তাঁকে অভিনন্দন জানিয়েছেন বলে উল্লেখ করেছেন দেবাংশু। সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনেও সবার আশীর্বাদ ও ভালোবাসা কামনা করেছেন তিনি।
উল্লেখ্য, কবে বিয়ের আসরে বসবেন দেবাংশু, তা এখনও আনুষ্ঠানিকভাবে জানাননি তিনি। আপাতত বাগদানের খবর এবং হবু স্ত্রীকে ঘিরে সমাজমাধ্যমের বিতর্কই তাঁকে নতুন করে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।




