স্পোর্টস ডেস্ক: বাবা দেশের হয়ে একাধিক স্মরণীয় ইনিংস খেলেছেন। পাকিস্তানের মাটিতে টেস্টে প্রথম ভারতীয় হিসাবে ত্রিশতরান করার নজিরও রয়েছে তাঁর। এবার ছেলের ব্যাটেও দেখা যাচ্ছে সেই আগ্রাসী মেজাজ। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দুরন্ত পারফরম্যান্স করে প্রতিযোগিতার সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বীরেন্দ্র সেওয়াগের ছেলে আর্যবীর সেওয়াগ। পাকিস্তানের বিরুদ্ধে ফাইনালে ভারতের রুদ্ধশ্বাস জয়ের পর এ বার পরিবারের সঙ্গে বাগেশ্বর ধামে গিয়ে আধ্যাত্মিক গুরু ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর আশীর্বাদ নিলেন তিনি।
মধ্যপ্রদেশের ছত্তরপুরে বাগেশ্বর ধামে যান সেহবাগ। সঙ্গে ছিলেন তাঁর দুই ছেলে আর্যবীর ও বেদান্ত। সেখানে বাগেশ্বর ধামের পীঠাধীশ্বর ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী তাঁদের স্বাগত জানান। পরিবারের সদস্যদের গলায় হলুদ উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। পরে দুই ছেলের সঙ্গে কথাও বলেন তিনি। এশিয়া কাপে আর্যবীরের পারফরম্যান্সের প্রশংসা করে তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন শাস্ত্রী। সেই সাক্ষাতের ছবি ও ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
https://x.com/ndtvindia/status/2122513327528313195?a=u6suj6dGTJ0HsqelzW8&s=20
এ বারের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ব্যাট হাতে কার্যত রাজত্ব করেছেন ১৯ বছরের আর্যবীর। পাঁচ ইনিংসে তাঁর সংগ্রহ ৩৬১ রান। গড় ৯০.২৫। রয়েছে একটি শতরান এবং তিনটি অর্ধশতরান। সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ১৬০ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন তিনি। ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধেও দায়িত্ব নিয়ে ব্যাট করেন। ৬১ বলে ৫৮ রান করেন আর্যবীর। তাঁর ইনিংসে ছিল ন'টি চার।
ফাইনালে প্রথমে ব্যাট করে ৩৩৭ রান তুলেছিল পাকিস্তান। জবাবে ভারত ২৫২ রানে আট উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। সেখান থেকে মানাল চৌহান ও মহিত উলভার লড়াইয়ে শেষ বলে এক উইকেটে ম্যাচ জেতে ভারত। নবম বার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয় তারা।
ছেলের এই সাফল্যে উচ্ছ্বসিত বাবা সেওয়াগও। ফাইনালের পর ছেলের সঙ্গে ভিডিয়ো কলে কথা বলেছিলেন তিনি। সেই কথোপকথনে আর্যবীর জানিয়েছিলেন, শেষ ওভারের টানটান উত্তেজনার মধ্যে নিজেকে শান্ত রাখতে বারবার ‘সীতারাম’ জপ করছিলেন। পাকিস্তানের সমর্থকদের মুখে ‘সেওয়াগ, সেহবাগ’ ধ্বনি শুনেও অবাক হয়েছিলেন তিনি।
বাবার পরিচয়ের বাইরে গিয়ে নিজের ব্যাটিংয়ের জোরেই আলাদা পরিচিতি তৈরি করছেন আর্যবীর। এশিয়া কাপের সাফল্যের পর বাগেশ্বর ধামে পরিবারের এই সফর তাঁর জীবনের আরও একটি স্মরণীয় মুহূর্ত হয়ে রইল।




