স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের মাটিতে আবদুল কাদিরকে পরপর ছক্কা হাঁকানোর স্মৃতি ক্রিকেটপ্রেমীদের কাছে আজও অমলিন। মাত্র ১৬ বছর বয়সে কিংবদন্তি স্পিনারের বিরুদ্ধে সেই সাহসী ব্যাটিং রাতারাতি পরিচিতি দিয়েছিল শচীন তেন্ডুলকরকে। কিন্তু মাস্টার-ব্লাস্টারের নিজের চোখে কেরিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনিংস সেটি নয়। বরং পাকিস্তানের বিরুদ্ধে শিয়ালকোট টেস্টে খেলা ৫৭ রানের ইনিংসকেই নিজের ক্রিকেটজীবনের মোড় ঘুরিয়ে দেওয়া পারফরম্যান্স বলে মনে করেন তিনি। সম্প্রতি নিজের ব্যাটের বিশেষ প্রদর্শনীর উদ্বোধনে এসে সেই অজানা স্মৃতির ঝাঁপি খুলেছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার।
মুম্বই ক্রিকেট সংস্থার শরদ পওয়ার জাদুঘরে শচীনের ক্রিকেটজীবনের বিভিন্ন সময়ের ২৫টি ব্যাট প্রদর্শিত হচ্ছে। প্রথম ক্রিকেট ব্যাট থেকে শুরু করে ২০১২ সালে শততম আন্তর্জাতিক শতরান করার সময় ব্যবহৃত ব্যাটও রয়েছে এই সংগ্রহে। সেই অনুষ্ঠানে ১৯৮৯ সালের পাকিস্তান সফরের অভিজ্ঞতা ভাগ করে নেন শচীন।
সেই সফরে পেশোয়ারে বৃষ্টির কারণে একটি আন্তর্জাতিক ম্যাচ বাতিল হয়ে গিয়েছিল। দর্শকদের নিরাশ করে বাড়ি ফেরাতে চাননি আয়োজকরা। তাই একটি প্রদর্শনী ম্যাচের আয়োজন করা হয়। শচীনের জীবনে সেটিই ছিল প্রথম ২০ ওভারের ক্রিকেট খেলার অভিজ্ঞতা। সেই ম্যাচে মুস্তাক আহমেদের বলে পরপর ছক্কা মারেন তিনি। এরপর কিংবদন্তি আবদুল কাদির বল করতে এলে তিনিও শচীনকে চ্যালেঞ্জ ছুড়ে দেন।
তরুণ বোলারকে আক্রমণ না করে তাঁকে ছক্কা মেরে দেখানোর কথা বলেন কাদির। সেই চ্যালেঞ্জ গ্রহণ করে তাঁর বলেও বড় শট খেলেন শচীন। মাত্র ১৮ বলে ৫৩ রান করে দর্শকদের মন জয় করেন তিনি। পরে কাদিরও তাঁর ব্যাটিংয়ের প্রশংসা করেছিলেন।
তবে শচীনের মতে, সেই ম্যাচের চেয়েও গুরুত্বপূর্ণ ছিল শিয়ালকোট টেস্টের দ্বিতীয় ইনিংস। পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের চতুর্থ টেস্টে মাত্র ৩৪ রানে চার উইকেট হারিয়ে বিপাকে পড়েছিল ভারত। সেই কঠিন পরিস্থিতিতে ১৩৪ বল খেলে ১৯৩ মিনিট ক্রিজে থেকে ৫৭ রান করেন শচীন। তাঁর এই ইনিংসের সৌজন্যেই ম্যাচ ড্র করতে সক্ষম হয় ভারত।
চার ম্যাচের সিরিজও শেষ হয় ০-০ ব্যবধানে। শচীনের মতে, এই ইনিংসই ভারতকে সিরিজে হার থেকে বাঁচিয়েছিল। তাই সেটিকেই নিজের কেরিয়ারের নির্ণায়ক মুহূর্ত হিসেবে মনে করেন তিনি। অনুষ্ঠানে নিজের প্রথম ব্যাট পাওয়ার গল্পও শুনিয়েছেন শচীন।
তাঁর দিদি সবিতা কাশ্মীর থেকে ফেরার সময় তাঁকে একটি ক্রিকেট ব্যাট উপহার দিয়েছিলেন। শচীন ভেবেছিলেন, দিদি হয়তো আপেল কিংবা শুকনো ফল নিয়ে আসবেন। কিন্তু ব্যাটটি পেয়ে দারুণ খুশি হয়েছিলেন তিনি। সেই ব্যাটই ছোটবেলার ক্রিকেটযাত্রার সঙ্গী হয়ে উঠেছিল।
পাশাপাশি বিজ্ঞাপনী চুক্তি নিয়ে নিজের নীতির কথা জানিয়েছেন ভারতীয় ক্রিকেটের ঈশ্বর। পরিবারের সিদ্ধান্ত মেনে মদ ও তামাকজাত পণ্যের বিজ্ঞাপন গ্রহণ করেননি তিনি। ১৯৯৬ সালের বিশ্বকাপ চলাকালীন একটি সংস্থার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। প্রায় দু'বছর ব্যাটে কোনও বিজ্ঞাপনী স্টিকার ছাড়াই খেলেছিলেন। সচিনের এই স্মৃতিচারণে আরও একবার স্পষ্ট, তাঁর ক্রিকেটজীবনের সাফল্যের পিছনে প্রতিভার পাশাপাশি ছিল নিজস্ব মূল্যবোধ ও কঠিন পরিস্থিতিতে লড়াই করার মানসিকতা।




