নিউজ ডেস্ক: বিদেশের মাটিতেও কি থামছে না বাংলাদেশের রাজনৈতিক সংঘাত? হাজার হাজার কিলোমিটার দূরে থেকেও রাজনৈতিক বিবাদের আঁচ এবার ছড়িয়ে পড়লো প্রবাসী বাংলাদেশীদের মধ্যে। একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে সন্ধ্যার পর থেকেই বাড়তে থাকে উত্তেজনা। স্লোগান থেকে শুরু করে পাল্টা স্লোগান ওঠে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, শেষ পর্যন্ত হস্তক্ষেপ করতে হয় পুলিশকে। সংঘর্ষে আহত হয়েছেন একাধিক ব্যক্তি। কিন্তু কি এমন ঘটেছিল, যার জেরে লন্ডনের রাস্তায় ছড়ালো এই তীব্র অশান্তি?
ঘটনার কেন্দ্রে বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টি এর আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার, ১৬ নভেম্বর পূর্ব লন্ডনের রমফোর্ড হাই রোডের মেফেয়ার ভেন্যুতে তাঁকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের NCP শাখা এবং ব্রিটিশ-বাংলাদেশী সাম্প্রদায়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের বাইরে জড়ো হন আওয়ামী লীগের সমর্থকেরা। অভিযোগ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগের যুব ও ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত কর্মী সমর্থকেরা নাহিদ ইসলাম এর বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন।
প্রথমে বিক্ষোভ ও স্লোগান চললেও রাত প্রায় দশটা নাগাদ পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। দুই পক্ষের মধ্যে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। অভিযোগ কাঠের লাঠি, গাছের ছাল, ডিম এবং জলের বোতল নিয়ে একে অপরের দিকে হামলা চালান দুই দলের সমর্থকেরা। প্রায় কুড়ি মিনিট ধরে চলে এই সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়াই ঘটনাস্থলে পৌঁছই লন্ডন পুলিশ। লাঠিচার্জ করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন পুলিশকর্মীরা।
সংঘর্ষে কতজন আহত হয়েছেন, তা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য উঠে এসেছে। কোথাও ৪ জন কোথাও আবার ১০ জন পর্যন্ত আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। কয়েকজনের মাথায় গুরুতর আঘাত লাগে। তাঁদের মধ্যে কয়েকজনকে কিং জর্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে ঘটনার পর গ্রেপ্তারের কোনও নিশ্চিত খবর পাওয়া যায়নি।
এই ঘটনার তীব্র নিন্দা করেছেন নাহিদ ইসলাম। নিজের ফেসবুক পোস্টে তিনি এটিকে 'কাপুরুষোচিত কাজ' বলে আখ্যা দিয়েছেন। পাশাপাশি, ব্রিটিশ সরকারের কাছে নিরপেক্ষ তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন। উল্লেখ্য, এর আগেও ১৪ নভেম্বর কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামের একটি আলোচনা অনুষ্ঠানকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছিল। শেখ হাসিনার বাংলাদেশের ফেরার সম্ভাবনা ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই লন্ডনের এই সংঘর্ষ নতুন করে উদ্বেগ বাড়ালো।




