নিউজ ডেস্ক: শরীরের নমনীয়তা, অসাধারণ ভারসাম্য আর অবিশ্বাস্য গতির মেলবন্ধন। রোলার স্কেট পরে মাটির প্রায় সমান্তরালে শরীর নামিয়ে একের পর এক বাধার নীচ দিয়ে বেরিয়ে যাচ্ছেন এক তরুণী। তাঁর মাথার উপর দিয়ে চলে যাচ্ছে একের পর এক দণ্ড। সামান্য ভুল হলেই স্পর্শ লেগে যেতে পারে বাধায়, নষ্ট হতে পারে গোটা প্রচেষ্টা। কিন্তু কোনও কিছুতেই দমে যাওয়ার পাত্রী নন তিনি। ভারতীয় স্কেটার সৃষ্টি ধর্মেন্দ্র শর্মার এই কীর্তিই নজর কেড়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের।
https://x.com/GWR/status/2122387026662064497?a=KuCZ4dAAt09fC_22hJ0&s=20
লিম্বো স্কেটিংয়ে সৃষ্টির দক্ষতা দীর্ঘদিনের। এই খেলায় রোলার স্কেট পরে অত্যন্ত নিচু হয়ে শরীরের ভারসাম্য বজায় রেখে একের পর এক বাধার নীচ দিয়ে এগিয়ে যেতে হয়। হাত বা আঙুল মাটিতে ঠেকানোরও সুযোগ নেই। অর্থাৎ, পুরো সময়টাই নিজের শরীরের নিয়ন্ত্রণ রাখতে হয় স্কেটারের। গতির সঙ্গে নমনীয়তার এই কঠিন সমন্বয়ই সৃষ্টিকে অন্যদের থেকে আলাদা করে দিয়েছে।
২০২৩ সালে ৫০ মিটার লিম্বো স্কেটিংয়ে ৬.৯৪ সেকেন্ড সময় নিয়ে নিজেরই বিশ্বরেকর্ড ভেঙেছিলেন তিনি। সেই প্রচেষ্টায় তাঁকে ৩০ সেন্টিমিটার উচ্চতায় রাখা ৫১টি অনুভূমিক দণ্ডের নীচ দিয়ে যেতে হয়েছিল। একটিতেও ধাক্কা লাগেনি। এর আগে ২০২১ সালে তিনি এই দূরত্ব অতিক্রম করেছিলেন ৭.৩৮ সেকেন্ডে। প্রতিবার নিজের দক্ষতাকে আরও উন্নত করেছেন তিনি।
মাত্র ১১ বছর বয়স থেকেই বিশ্বরেকর্ডের মঞ্চে সৃষ্টির উত্থান। ২০১৫ সালে ২৫ মিটার লিম্বো স্কেটিংয়ে সবচেয়ে কম উচ্চতায় স্কেটিংয়ের রেকর্ড গড়েছিলেন তিনি। তখন ১৭ সেন্টিমিটার উচ্চতায় রাখা ২৫টি দণ্ডের নীচ দিয়ে স্কেট করে গিয়েছিলেন। ২০১৭ সালে আইস স্কেটিংয়েও নজির গড়েন। পরে ১০টি দণ্ডের নীচ দিয়ে দ্রুততম সময়ে স্কেটিংয়ের রেকর্ডও নিজের নামে করেন।
যদিও তাঁর কাছে রেকর্ড গড়াই একমাত্র লক্ষ্য নয়। ‘সেভ আ গার্ল চাইল্ড’ প্রকল্পের সঙ্গেও যুক্ত তিনি। নিজের কৃতিত্বের মাধ্যমে মেয়েদের সমান সুযোগ ও অধিকার নিয়ে সচেতনতা ছড়াতে চান। তাঁর বক্তব্য, ‘একটি মেয়ে যদি সঠিক সুযোগ পায়, তা হলে নিজের দেশের নাম উজ্জ্বল করার ক্ষমতা তারও রয়েছে।’
কঠোর অনুশীলন, আত্মবিশ্বাস এবং অদম্য জেদকে সঙ্গী করে সৃষ্টি এই যাত্রা নিঃসন্দেহে অন্য মেয়েদের কাছেও অনুপ্রেরণা।




