স্পোর্টস ডেস্ক: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ের রেশ এখনও কাটেনি। তার মধ্যেই নিজের আইপিএল স্বপ্নের কথা জানিয়ে চমক দিলেন ভারতীয় যুব দলের অধিনায়ক লক্ষ্য রায়চন্দানি। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার ইচ্ছাপ্রকাশ করেছেন তিনি। অর্থাৎ জনপ্রিয় দুই দল মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে বেছে নেওয়ার পথে হাঁটলেন না ভারতের এই তরুণ ক্রিকেটার। শুধু তাই নয়, মাঠের ব্যক্তিত্বের তুলনা করতে গিয়েও নিজের পছন্দের জায়গায় রেখেছেন চেন্নাইয়ের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে লক্ষ্যকে প্রশ্ন করা হয়েছিল, আইপিএলে কোন দলের হয়ে খেলতে চান তিনি? উত্তরে উত্তরাখণ্ডের এই তরুণ ব্যাটার চেন্নাই সুপার কিংসের নাম নেন। তাঁর এই পছন্দের পিছনে ধোনির প্রভাব রয়েছে বলেই মনে করা হচ্ছে। কারণ, একই সাক্ষাৎকারে তাঁকে আরও একটি মজার প্রশ্নের মুখোমুখি হতে হয়। মাঠে তাঁর ব্যক্তিত্ব কি বিরাট কোহলির মতো আগুনের মতো, নাকি ধোনির মতো বরফের মতো শান্ত? এই প্রশ্নের উত্তরে ধোনির শান্ত ও স্থির নেতৃত্বের ধরনকেই নিজের সঙ্গে মিলিয়ে দেখেছেন লক্ষ্য।
সম্প্রতি ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের খেতাব জিতেছে ভারত। ফাইনালে প্রথমে পাকিস্তানের কাছে গ্রুপ পর্বে তিন উইকেটে হেরে গিয়েছিল ভারতীয় দল। কিন্তু ফাইনালে দুর্দান্ত প্রত্যাবর্তন করে প্রতিশোধ নেয় তারা। সেই ম্যাচে ভারতীয় ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি রান করেন অধিনায়ক লক্ষ্য। ১০১ বলে ৮০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলকে শিরোপা জেতাতে বড় ভূমিকা নেন তিনি।
লক্ষ্যের শান্ত স্বভাবের প্রশংসা করেছেন উত্তরাখণ্ডের প্রধান কোচ মনীশ ঝা-ও। তাঁর মতে, শতরান করলেও লক্ষ্য অতিরিক্ত উচ্ছ্বাস দেখান না। আবার শূন্য রানে আউট হলেও ভেঙে পড়েন না। পরিস্থিতি যেমনই হোক, নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারেন এই তরুণ ক্রিকেটার। এই কারণেই তাঁর মধ্যে ধোনির ছায়া দেখতে পান কোচ।
কোচ আরও জানিয়েছেন, লক্ষ্য মাঠে খুব বেশি কথা বলেন না কিংবা উইকেট পড়লে অতিরিক্ত উত্তেজিত হন না। তবে কোচ ও অভিজ্ঞ সতীর্থদের সঙ্গে ব্যক্তিগতভাবে নিয়মিত যোগাযোগ রাখেন। নিজের কাজের মাধ্যমেই দলের মধ্যে প্রভাব তৈরি করতে পছন্দ করেন তিনি।
এশিয়া কাপ জয়ের পর এবার লক্ষ্যের সামনে আরও বড় মঞ্চে নিজেকে প্রমাণ করার সুযোগ। ভবিষ্যতে আইপিএলে চেন্নাইয়ের জার্সি গায়ে চাপানোর স্বপ্ন কতটা বাস্তব হয়, সেটাই দেখার।




