নিউজ ডেস্ক: রাজনীতির মঞ্চে তাঁকে প্রায়ই দেখা যায়। কিন্তু ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা মুখ খোলেন না রাহুল গান্ধী। এবার মা সোনিয়া গান্ধীর আত্মজীবনী প্রকাশ অনুষ্ঠানে নিজের জীবনের এক পুরনো প্রেমের গল্প শুনিয়ে চর্চায় উঠে এলেন কংগ্রেস নেতা। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়কার এক বান্ধবীর প্রসঙ্গ তুলে তাঁর সংক্ষিপ্ত মন্তব্য, ‘এখন সে আমার বন্ধু।’ আর এতেই অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে তৈরি হয় কৌতূহল।
https://x.com/KumarVikrantS/status/2122376274874421387?a=YwtW37QrMf5ngwUmVP4&s=20
সোনিয়া গান্ধীর স্মৃতিকথা 'Belonging: A Journey of Love' প্রকাশ অনুষ্ঠানে নিজের বিশ্ববিদ্যালয় জীবনের একটি মজার অভিজ্ঞতা ভাগ করে নেন রাহুল। জানান, তাঁর বাবা রাজীব গান্ধী এবং মা সোনিয়া গান্ধীর প্রথম পরিচয় হয়েছিল কেমব্রিজের একটি রেস্তরাঁয়। সেই গল্প ছোটবেলা থেকেই তাঁর কাছে বিশেষ আকর্ষণের ছিল।
পরবর্তীতে নিজে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময় একদিন তৎকালীন বান্ধবীকে নিয়ে সেই রেস্তরাঁয় যান রাহুল। জায়গাটির নাম ভার্সিটি রেস্তরাঁ (Varsity Restaurant)। সেখানে পৌঁছে তিনি এক কর্মীকে জানান, তাঁর বাবা-মায়ের প্রথম দেখা হয়েছিল এই রেস্তরাঁতেই।
রাহুলের কথায়, কর্মীটি সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছিলেন তিনি কোন দম্পতির কথা বলছেন। কয়েক দশক পেরিয়ে গেলেও রাজীব ও সোনিয়ার প্রথম পরিচয়ের স্মৃতি যে রেস্তরাঁর কর্মীদের মনে রয়ে গিয়েছে, তা দেখে অবাক হয়েছিলেন তিনি।
তবে অনুষ্ঠানের সবচেয়ে আলোচিত মুহূর্ত আসে যখন এক ব্যক্তি রাহুলের কাছে জানতে চান, গল্পে উল্লেখ করা সেই বান্ধবী এখন কোথায় রয়েছেন? হাসিমুখে রাহুলের উত্তর, ‘She is a friend now’ অর্থাৎ, এখন তিনি শুধুই বন্ধু। তাঁর এই সংক্ষিপ্ত উত্তর ঘিরেই শুরু হয়েছে নতুন কৌতূহল।
অনুষ্ঠানে শুধু নিজের ব্যক্তিগত জীবনের গল্প নয়, মায়ের লড়াইয়ের কথাও আবেগের সঙ্গে তুলে ধরেন রাহুল। তাঁর দাবি, সোনিয়া গান্ধী চারবার ক্যানসারের সঙ্গে লড়াই করে সুস্থ হয়েছেন, যদিও আত্মজীবনীতে এই বিষয়ে কমবার উল্লেখ রয়েছে। রাহুল জানান, কঠিন পরিস্থিতিতেও মাকে কখনও ভয় পেতে বা পিছিয়ে যেতে দেখেননি তিনি। তাঁর প্রয়াত বাবা রাজীব গান্ধীও সোনিয়ার জন্য অত্যন্ত গর্বিত হতেন বলে মনে করেন রাহুল।
স্মৃতিকথা প্রকাশের অনুষ্ঠানে ফিরে আসে ১৯৯১ সালে রাজীব গান্ধীর হত্যার পরবর্তী কঠিন সময়ের স্মৃতিও। সোনিয়া জানান, নিরাপত্তাজনিত কারণে রাহুলকে বিদেশে পড়াশোনা চালিয়ে যেতে হয়েছিল অন্য পরিচয়ে।
তাঁর কথায়, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করা কঠিন হয়ে পড়েছিল। অন্যদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কাও ছিল। পরে কলেজ পরিবর্তনের ব্যবস্থা করা হয় এবং সেখানে রাহুলকে ছদ্মনামে পড়াশোনা করতে হয়েছিল। ফলে নিজের পরিবারের পরিচয় প্রকাশ করতে না পারায় বন্ধুত্ব তৈরি করা এবং স্বাভাবিকভাবে মেলামেশা করাও কঠিন হয়ে উঠেছিল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা-সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব। সোনিয়ার আত্মজীবনী প্রকাশের মঞ্চে উঠে আসে গান্ধী পরিবারের ব্যক্তিগত সম্পর্ক, জীবনের কঠিন অধ্যায় এবং রাজনীতির আড়ালে থাকা নানা অজানা অভিজ্ঞতা।




