নিউজ ডেস্ক: ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় শতাব্দীপ্রাচীন গুরুদ্বার খালসা দিওয়ানে গিয়ে প্রার্থনায় অংশ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার, ১৭ নভেম্বর, গুরুদ্বারের পুনর্নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। উপস্থিত ছিলেন শিখ সম্প্রদায়ের প্রতিনিধিরা। এই প্রকল্পের মাধ্যমে ঐতিহাসিক ধর্মীয় প্রতিষ্ঠানটি নতুন রূপ পেতে চলেছে। তৈরি হবে আধুনিক পাঁচতলা বিশিষ্ট একটি সুবিশাল ভবন।
https://x.com/MeghUpdates/status/2122573100147683786?a=gn960-UHfwSJpUM5Mqc&s=20
ম্যানিলার অন্যতম গুরুত্বপূর্ণ শিখ ধর্মীয় প্রতিষ্ঠান এই গুরুদ্বার খালসা দিওয়ান। এর ইতিহাস এক শতাব্দীরও বেশি পুরনো। ভারতের বিদেশ মন্ত্রকের তথ্য অনুযায়ী, ১৯০১ সালে এর প্রতিষ্ঠা হয়। ১৯০৩ সালে এটি আনুষ্ঠানিকভাবে সংগঠিত হয় এবং ১৯২৪ সালে খালসা দিওয়ান নামে নিবন্ধিত হয়। ফিলিপিন্সের প্রাচীনতম গুরুদ্বার হিসেবে বিশেষ পরিচিতি রয়েছে এই প্রতিষ্ঠানের।
মঙ্গলবার সেখানে পৌঁছে শিখ ধর্মীয় রীতি মেনে আরদাসে অংশ নেন প্রধানমন্ত্রী। গুরুদ্বারের পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিলিপিন্সের সেনেটর ফ্রান্সিস জোসেফ এসকুদেরো এবং ম্যানিলার মেয়র ফ্রান্সিসকো ইসকো মোরেনো। স্থানীয় শিখ সম্প্রদায় এবং ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গেও কথা বলেন মোদী।
কেমন হবে নতুন পাঁচতলা গুরুদ্বার?
পুনর্নির্মাণ পরিকল্পনা অনুযায়ী, পুরনো ভবনের পরিবর্তে প্রায় ১০ হাজার বর্গমিটার আয়তনের আধুনিক পাঁচতলা কমপ্লেক্স তৈরি করা হবে। ছাদে থাকবে বিশেষ ডেকের ব্যবস্থাও। নতুন ভবনে ধর্মীয় উপাসনার পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্যও পৃথক জায়গা থাকবে।
পরিকল্পনা অনুযায়ী, প্রথম ও দ্বিতীয় তলায় থাকবে পার্কিংয়ের ব্যবস্থা। তৃতীয় তলায় তৈরি হবে কমিউনিটি ও অনুষ্ঠান আয়োজনের হল। চতুর্থ তলায় থাকবে লঙ্গর হল এবং পঞ্চম তলায় হবে মূল গুরুদ্বার, যেখানে ধর্মীয় প্রার্থনা ও উপাসনা চলবে।
এই প্রকল্পে আনুমানিক ৩০৫ মিলিয়ন ফিলিপিনো পেসো খরচ হতে পারে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৪৫ কোটি টাকার কাছাকাছি। প্রকল্পের কাজ সম্পূর্ণ হতে প্রায় দু'বছর সময় লাগতে পারে। শিখ ও ভারতীয় সম্প্রদায়ের অনুদানেই মূলত এই নির্মাণকাজের অর্থ জোগাড় করার পরিকল্পনা রয়েছে।
ভারত-ফিলিপিন্সের সাংস্কৃতিক সম্পর্কের সেতু
শুধু ধর্মীয় উপাসনালয় নয়, ম্যানিলার শিখ সম্প্রদায়ের কাছে এই গুরুদ্বার সামাজিক ও সাংস্কৃতিক মিলনকেন্দ্র হিসেবেও গুরুত্বপূর্ণ। এখানে নিয়মিত ধর্মীয় অনুষ্ঠান, সমাজসেবামূলক কাজ এবং লঙ্গরের আয়োজন হয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্য লঙ্গরের দরজা খোলা থাকে।
উল্লেখ্য, ১৬ থেকে ১৮ নভেম্বর তিন দিনের ফিলিপিন্স সফরে রয়েছেন প্রধানমন্ত্রী মোদী। ২৩তম ASEAN-India Summit এবং ২১তম East Asia Summit-এ যোগ দিতেই তাঁর এই সফর। এই সফরে ঐতিহাসিক গুরুদ্বারের পুনর্নির্মাণের সূচনা ভারত ও ফিলিপিন্সের দীর্ঘদিনের সাংস্কৃতিক এবং জনসম্পর্কের ক্ষেত্রেও বিশেষ তাৎপর্য বহন করছে।




