নিউজ ডেস্ক: দীর্ঘ ২৬ বছরের সাফল্যে ছেদ পড়ল। ফের হাম বা মিজলসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় নিজেদের ‘মিজলস এলিমিনেশন’ তকমা হারাল আমেরিকা। ২০০০ সালে দেশটিকে হামমুক্ত ঘোষণা করা হয়েছিল। কিন্তু ২০২৬ সালে সংক্রমণের ব্যাপক বিস্তারের জেরে সেই স্বীকৃতি প্রত্যাহার করল প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশন (PAHO)। ১৭ নভেম্বর এই সিদ্ধান্তের কথা জানানো হয়। ফলে ফের আমেরিকায় স্থানীয়ভাবে নিয়মিত হাম সংক্রমণ ছড়ানোর পরিস্থিতি তৈরি হয়েছে।
স্বাস্থ্য সংক্রান্ত পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালে এখনও পর্যন্ত আমেরিকায় ৫৪০০-র বেশি মানুষের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে। ১৯৯১ সালের পর এটিই দেশের সবচেয়ে বড় হাম সংক্রমণের ঘটনা। তুলনায়, ২০২৫ সালে আক্রান্তের সংখ্যা ছিল ২২৮৯। অর্থাৎ এক বছরের ব্যবধানে সংক্রমণ দ্বিগুণেরও বেশি বেড়েছে।
সংক্রমণের পাশাপাশি বাড়ছে মৃত্যুর সংখ্যাও। চলতি বছরে এখনও পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পেনসিলভেনিয়ায় সাতজন, উইসকনসিনে দু'জন এবং নিউ ইয়র্কে একজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হতে হয়েছে প্রায় ৫৯১ জনকে। আক্রান্তদের মধ্যে প্রায় ৯৬ শতাংশই টিকা নেননি অথবা তাঁদের টিকাকরণের তথ্য পাওয়া যায়নি। যাঁদের মৃত্যুর ক্ষেত্রে টিকাকরণের ইতিহাস জানা গিয়েছে, তাঁদের কেউই হাম প্রতিরোধী টিকা নেননি।
কেন হঠাৎ এই সংক্রমণের বাড়বাড়ন্ত? স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, শিশুদের মধ্যে টিকাকরণের হার কমে যাওয়া এবং টিকা নিয়ে ভ্রান্ত প্রচার এই পরিস্থিতির অন্যতম কারণ। সাধারণত হাম প্রতিরোধে এমএমআর (MMR) টিকা দেওয়া হয়। কিন্তু আমেরিকার কিন্ডারগার্টেন পড়ুয়াদের মধ্যে এই টিকা নেওয়ার হার ২০১৯-২০ শিক্ষাবর্ষে ৯৫.২ শতাংশ থাকলেও ২০২৫-২৬ শিক্ষাবর্ষে তা কমে দাঁড়িয়েছে ৯২.৪ শতাংশে। অথচ সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে অন্তত ৯৫ শতাংশ টিকাকরণ প্রয়োজন বলে মনে করেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
শুধু আমেরিকাই নয়, একই দিনে মেক্সিকো ও বলিভিয়াও তাদের হাম নির্মূলের স্বীকৃতি হারিয়েছে। এর আগে ২০২৫ সালের নভেম্বরে এই তকমা হারিয়েছিল কানাডা। ২০২৬ সালে ব্রিটেন, স্পেন, অস্ট্রিয়া-সহ আরও কয়েকটি দেশও একই পরিস্থিতির মুখে পড়েছে।
পরিস্থিতি সামাল দিতে আমেরিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (CDC) রাজ্য ও স্থানীয় স্বাস্থ্য দফতরগুলিকে ১০ কোটি ডলার বরাদ্দ করেছে। টিকাকরণের সুযোগ বাড়ানো, রোগ শনাক্তকরণ এবং সংক্রমণ নিয়ন্ত্রণে এই অর্থ ব্যবহার করা হবে। পাশাপাশি, সংক্রমণ বন্ধ করতে কী পদক্ষেপ করা হবে, তা জানিয়ে PAHO-র কাছে সংশোধিত কর্মপরিকল্পনাও জমা দিতে হবে আমেরিকাকে।
উল্লেখ্য, কোনও দেশে টানা ১২ মাস স্থানীয়ভাবে হামের সংক্রমণ চলতে থাকলে সেই দেশকে আর হাম নির্মূলকারী দেশের স্বীকৃতি দেওয়া যায় না। এই স্বীকৃতি ফিরে পেতে আমেরিকাকে অন্তত টানা ১২ মাস ভাইরাসের সংক্রমণ সম্পূর্ণ বন্ধ রাখতে হবে।




