হাবিবুর রহমান, ঢাকা: প্রতি দিনই খবরের শিরোনাম থাকছে শেখ হাসিনার জন্মস্থান ও নির্বাচন এলাকা গোপালগঞ্জ। এবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামি লিগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ, সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় চরম উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা টুঙ্গিপাড়া থানায় আগুন দিয়েছেন। এসমাই ভিডিওতে হেলমেট পরা কয়েকজনকে দেশীয় অস্ত্র হাতে থানার ভেতরে ভাঙচুর চালাতে দেখা যায়।

স্থানীয়রা জানান, পুরো থানা জ্বালিয়ে-পুড়িয়ে দেওয়া হয়েছে। থানায় এখন কিছুই নেই। শুধু তা-ই নয়, গোপালগঞ্জের চারপাশে ব্লকেড দেওয়া হয়েছে, যেন বাইরে থেকে কোনো ফোর্স ঢুকতে না পারে। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে থানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এর আগে দিনভর দফায় দফায় বিক্ষোভ মিছিল, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় পুলিশের সঙ্গে আওয়ামি লিগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে.।

এছাড়া গোপালগঞ্জ-৩ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য এস এম জিলানির বাড়িতে ভাঙচুর ও আগুন দেয়া হয়েছে। অপরদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামি লিগের গাজীপুর জেলা কমিটির সভাপতি ও সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের গাজীপুর শহরের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার শহরের জোর পুকুরপাড় সংলগ্ন দক্ষিণ ছায়াবীথির এলাকায় এ ঘটনা ঘটে। মুহূর্তেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টায় রাত সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

সদর থানার ওসি মো, আমিনুল ইসলাম বলেন, কে বা কারা বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন ধরিয়ে দেওয়া বাড়িটি আ ক ম মোজাম্মেল হকের শহরের পুরাতন টিনশেড বাড়ি। পাশেই তার আটতলা ভবনের একটি আলিশান বাড়ি থাকলেও সেটি অক্ষত রয়েছে। এই বাড়িটি ভাড়া দেওয়া হয়েছিল। রাত সাড়ে ৮টার দিকে একদল দুর্বৃত্ত বাড়ির ভাড়াটিয়াদের ঘর থেকে বের করে দিয়ে আগুন ধরিয়ে দেয়।




