কলকাতা: মুক্তির এখনও পুরো এক মাস বাকি। কিন্তু তার আগেই ভারতের বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে মার্ভেল স্টুডিওর বহুল প্রতীক্ষিত ছবি ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। আগামী ১৭ ডিসেম্বর ভারতে মুক্তি পেতে চলেছে রুশো ব্রাদার্স পরিচালিত এই মেগা বাজেটের ছবি। মুক্তির ঠিক ৩০ দিন আগে, মঙ্গলবার (১৭ নভেম্বর) মধ্যরাত থেকে ভারতে শুরু হয়েছে ছবিটির অগ্রিম টিকিট বুকিং। আর বুকিং শুরু হতেই দর্শকদের মধ্যে যে উন্মাদনা দেখা গিয়েছে, তা সাম্প্রতিক সময়ের একাধিক বক্স অফিস রেকর্ড ভাঙার ইঙ্গিত দিচ্ছে।
বক্স অফিস ট্র্যাকার সংস্থা ‘স্যাকনিল্ক’ এবং বিভিন্ন সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অগ্রিম বুকিং চালু হওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই সারা দেশে ছবিটির প্রায় ৫০ হাজার টিকিট বিক্রি হয়ে গিয়েছে। এর ফলে মুক্তির এক মাস আগেই প্রথম দিনের অগ্রিম বুকিং থেকে ছবিটির আয় ৩ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। জনপ্রিয় টিকিট বুকিং প্ল্যাটফর্ম ‘বুকমাইশো’-তে প্রতি ঘণ্টায় গড়ে ১০ হাজারেরও বেশি টিকিট বিক্রি হচ্ছে বলেও জানা গিয়েছে।
দর্শকদের বিপুল চাহিদার কথা মাথায় রেখে দেশের মাল্টিপ্লেক্স ও প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষও নিচ্ছে একাধিক বিশেষ উদ্যোগ। মুম্বই, দিল্লি-এনসিআর, বেঙ্গালুরু, হায়দরাবাদ ও কোচির মতো বড় শহরগুলিতে প্রথম দিনের একাধিক শো ইতিমধ্যেই হাউসফুল হয়ে গিয়েছে। দর্শকদের চাপ সামাল দিতে পিভিআর আইনক্স-সহ দেশের প্রথম সারির মাল্টিপ্লেক্স চেনগুলি ২৪ ঘণ্টা শো চালানোর পরিকল্পনা করছে। রাত ১২টা ১ মিনিটের বিশেষ ‘মিডনাইট শো’ ছাড়াও ভোর ৩টে ২৫ মিনিট এবং সকাল ৬টা ৩০ মিনিটের মতো সময়েও শো রাখা হয়েছে বলে জানা যাচ্ছে। ভারতীয় বক্স অফিসে হলিউড ছবির ক্ষেত্রে এমন উদ্যোগ যথেষ্ট বিরল।
‘ডুমসডে’-র অগ্রিম টিকিটের দাম শুরু হয়েছে ৪২০ টাকা থেকে। সর্বোচ্চ দাম ১,৫০০ টাকা পর্যন্ত। শহর, প্রেক্ষাগৃহ এবং প্রদর্শনের ফরম্যাটের (যেমন—প্রিমিয়াম স্ক্রিন) ভিত্তিতে টিকিটের দামে তারতম্য রয়েছে। উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরেই ভারতীয় মার্ভেল ভক্তরা সোশ্যাল মিডিয়ায় ‘#OpenDoomsdayBookings’ হ্যাশট্যাগ ব্যবহার করে দ্রুত টিকিট বুকিং চালুর দাবি জানিয়ে আসছিলেন। ভক্তদের সেই বিপুল আগ্রহের প্রতিফলনই এখন দেখা যাচ্ছে অনলাইন বুকিং প্ল্যাটফর্ম এবং টিকিট কাউন্টারগুলিতে।
আমেরিকায় মুক্তির এক দিন আগেই, অর্থাৎ ১৭ ডিসেম্বর ভারতের প্রেক্ষাগৃহে ইংরেজি, হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাওয়ার কথা ছবিটির। বর্তমান বুকিংয়ের গতি বজায় থাকলে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর পর ভারতে হলিউড ছবির প্রথম দিনের বক্স অফিস কালেকশনে নতুন ইতিহাস গড়তে পারে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। এমনটাই মনে করছেন বাণিজ্য বিশ্লেষকরা।




