নিউজ ডেস্ক: পর্যটকদের জন্য সুখবর! এবার অনলাইনে মিলবে বেঙ্গল সাফারির টিকিট। পর্যটকদের জন্য আরও সহজ হচ্ছে বেঙ্গল সাফারি পার্কে ঘোরার পরিকল্পনা। এবার থেকে অনলাইনে টিকিট বুকিংয়ের সুবিধা চালু করতে উদ্যোগী হল রাজ্য সরকার। শুধু তাই নয়, সরকারি লজ থেকেই অনলাইনে টিকিট কাটার সুযোগ পাবেন পর্যটকরা। ফলে টিকিটের জন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর ঝক্কি অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।
আজ, মঙ্গলবার সল্টলেকের উদয়াচল ট্যুরিজম প্রপার্টিতে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের নতুন বুকিং পোর্টালের উদ্বোধন করেন পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ। এই পোর্টালের মাধ্যমে রাজ্যের সরকারি পর্যটন লজগুলির ঘর বুকিং করা যাবে। কোন লজে কতগুলি ঘর ফাঁকা রয়েছে, বুকিংয়ের বর্তমান পরিস্থিতি এবং সংশ্লিষ্ট পর্যটন কেন্দ্রের ছবি ও পরিষেবা সম্পর্কেও বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
নতুন পোর্টালের উদ্বোধন উপলক্ষে পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ জানান, WBTDCL-এর অধীনে বর্তমানে ৪০টি পর্যটন সম্পত্তি রয়েছে, যেখানে মোট ৮১৪টি ঘর রয়েছে। এতদিন পুরনো ওয়েবসাইটের কার্যকারিতা নিয়ে একাধিক অভিযোগ উঠেছিল। পর্যটকদের একাংশের অভিযোগ ছিল, বুকিং প্রক্রিয়া যথেষ্ট সহজ ও কার্যকর ছিল না। সেই সমস্যার সমাধান করতেই নতুন ইউজার-ফ্রেন্ডলি বুকিং পোর্টাল চালু করা হল। প্রতিটি পর্যটন সম্পত্তিতে পর্যটকদের আনাগোনা বাড়ানোই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।
ইতিমধ্যেই ১৮টি পর্যটন লজের সংস্কারের কাজ শুরু হয়েছে। পর্যটন পরিষেবাকে আরও আধুনিক ও সহজলভ্য করতে ভবিষ্যতে হোমস্টে এবং সরকারি লজের বুকিং একই ডিজিটাল প্ল্যাটফর্মের আওতায় আনার পরিকল্পনাও রয়েছে সরকারের। পাশাপাশি কলকাতার দর্শনীয় স্থানগুলির টিকিট বুকিংয়ের জন্য ‘কলকাতা কি’ নামে পৃথক পোর্টাল চালুর প্রস্তাবও রয়েছে। এই প্রস্তাব সরকারকে দেওয়া হয়েছে।




