স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসির দেশ আর্জেন্টিনার ফুটবল দর্শন এবার সরাসরি শেখার সুযোগ মিলবে কলকাতায়। ভারতীয় ফুটবলের উন্নতিতে নতুন দিগন্ত খুলে শহরে পথচলা শুরু করল এশিয়ার প্রথম আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক উৎকর্ষ কেন্দ্র। আমুজি স্পোর্টস এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে তৈরি এই প্রশিক্ষণ কেন্দ্রের লক্ষ্য, ভারতীয় ফুটবলের তৃণমূল স্তর থেকে প্রতিভা খুঁজে বের করে আন্তর্জাতিক মানের খেলোয়াড় হিসেবে গড়ে তোলা।
এই উদ্যোগের ফলে বিশেষ করে বাংলার উঠতি ফুটবলাররা উপকৃত হতে পারেন। আর্জেন্টিনার জাতীয় দলের সঙ্গে যুক্ত অভিজ্ঞ কোচ ও প্রশিক্ষকদের তত্ত্বাবধানে চলবে অনুশীলন। অনূর্ধ্ব-১০ থেকে অনূর্ধ্ব-২০ বছর বয়সি খেলোয়াড়দের জন্য থাকবে পৃথক প্রশিক্ষণ ব্যবস্থা। বলের নিয়ন্ত্রণ, শারীরিক সক্ষমতা, দলগত বোঝাপড়া এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে বিশেষ নজর দেওয়া হবে। স্থানীয় বিভিন্ন ফুটবল ক্লাব ও অ্যাকাডেমির সঙ্গে যৌথ ভাবে এই প্রশিক্ষণ কর্মসূচি চালানোর পরিকল্পনা রয়েছে উদ্যোক্তাদের।
শুধু মাঠের প্রশিক্ষণ নয়, প্রতিভাবান খেলোয়াড়দের সামনে আন্তর্জাতিক ফুটবলের দরজা খুলে দেওয়াও এই প্রকল্পের অন্যতম লক্ষ্য। বয়সভিত্তিক আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ তৈরি করা হবে। নিয়মিত মূল্যায়নের মাধ্যমে সেরা প্রতিভাদের বেছে নেওয়া হবে। তাঁদের ভারতীয় দলের প্রতিনিধিত্ব করার পাশাপাশি আর্জেন্টিনায় গিয়ে প্রশিক্ষণ নেওয়ার সুযোগও তৈরি হতে পারে।
কলকাতায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্জেন্টিনার প্রতিনিধিদলের সদস্যরা।
বিশেষ অতিথি হিসেবে হাজির ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী তাপস রায়, বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়, অভিনেতা মিঠুন চক্রবর্তী এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি চন্দন রায় চৌধুরী। উপস্থিত ছিলেন বাংলার প্রাক্তন ও বর্তমান ফুটবলার শ্যাম থাপা, জামশেদ নাসিরি, মেহতাব হোসেন এবং প্রদীপ চৌধুরীর মতো পরিচিত মুখ।
এই উদ্যোগে প্রযুক্তির ব্যবহারও গুরুত্বপূর্ণ। মাঠের প্রশিক্ষণের পাশাপাশি ডিজিটাল ব্যবস্থায় খেলোয়াড়দের দক্ষতা মূল্যায়ন করা হবে। ফুটবল নিয়ে বিভিন্ন অনুষ্ঠান, সরাসরি সম্প্রচার এবং বিশেষ বিষয়বস্তু দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনাও রয়েছে।
আর্জেন্টিনার ফুটবল ঐতিহ্য আর বাংলার ফুটবল প্রতিভার মেলবন্ধন ঘটানোই এই প্রকল্পের মূল লক্ষ্য। কলকাতায় শুরু হওয়া এই উদ্যোগ ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে কতটা কার্যকর হয়, এখন সেদিকেই তাকিয়ে ক্রীড়ামহল।




