স্পোর্টস ডেস্ক: আইপিএলে আর হলুদ জার্সিতে দেখা যাবে না মহেন্দ্র সিংহ ধোনিকে। ২০২৭ সালের আইপিএলের আগে ক্রিকেটার হিসাবে অবসর নেওয়ার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন তিনি। তবে ধোনির এই সিদ্ধান্ত যে চেন্নাই সুপার কিংসের কর্তাদের কতটা অবাক করেছিল, তা প্রকাশ্যে আনলেন দলের অন্যতম কর্ণধার রূপা গুরুুনাথ। তিনি এই মুহূর্তে চেন্নাই সুপার কিংসের মালকিন।
তাঁর কথায়, ধোনি নিজেই সিএসকে-কে অনুরোধ করেছিলেন তাঁকে রিলিজ করে দিতে। আর সেই কথা শুনে কার্যত স্তব্ধ হয়ে গিয়েছিলেন দলের কর্তারা। রূপা এদিন জানিয়েছেন, শনিবার আইপিএলের আগামী মরসুমের দল গঠন এবং ক্রিকেটারদের ছেড়ে দেওয়ার তালিকা নিয়ে ভিডিও কলে আলোচনা চলছিল।
পরের মরসুমের জন্য কোন ক্রিকেটারকে নেওয়া হবে, কাকে ছাড়া হবে, সেই নিয়েই চলছিল বিস্তারিত কথাবার্তা। আলোচনার একেবারে শেষ দিকে দলের ক্রিকেটারদের ছেড়ে দেওয়ার তালিকা পড়ছিলেন সিএসকের সিইও কাশী বিশ্বনাথন। তখনই অত্যন্ত শান্তভাবে ধোনি বলে ওঠেন, ‘হয়তো তালিকায় আমার নামটাও যোগ করে দেওয়া উচিত। আমি এবার দলের ক্রিকেটার থেকে সরে যেতে চাই।'
এর পরেই ঘটে অদ্ভুত ঘটনা। রূপার কথায়, ‘বিশ্বাস করবেন না, ধোনির কথা শোনার পরেই ভিডিও কলটা বন্ধ হয়ে যায়। আমি আবার ফোন করেছিলাম। তখন বলেছিলাম, জানেন, আগামী মরসুমে ধোনি খেলতে পারবেন না, এই কথাটা ইন্টারনেটও সহ্য করতে পারল না!’
রূপা বলেছেন, কয়েক মাস আগেই ধোনি তাঁকে জানিয়েছিলেন, আগামী মরসুমে খেলতে পারবেন কীনা, তা নিয়ে তিনি নিশ্চিত নন। তাঁর কথায়, ‘ধোনি এমন একজন মানুষ, যিনি দলকে নিজের ২০০ শতাংশ দিতে না পারলে খেলতে চাইবেন না। দলের পথে বাধা হয়ে দাঁড়াতে চান না তিনি। নিজের সেরাটা দিতে না পারলে সরে দাঁড়ান।’
ধোনির অবসরের সিদ্ধান্তে আবেগপ্রবণ রূপা বলেন, ‘হলুদ জার্সিতে ওকে আর মাঠে খেলতে দেখব না, এটা বিশ্বাস করাই কঠিন। ওর বিদ্যুৎগতির স্টাম্পিং, হেলিকপ্টার শট, মাঠে দাঁড়িয়ে আঙুলের সামান্য ইশারায় ফিল্ডিং সাজানো—সব কিছুই মিস করব।’
ক্রিকেটার হিসাবে অবসর নিলেও সিএসকের সঙ্গে সম্পর্ক ছিন্ন হচ্ছে না ধোনির। ২০২৭ সালের আইপিএলে দলের মেন্টর হিসেবে দায়িত্ব সামলাবেন তিনি। তরুণ ক্রিকেটারদের অভিজ্ঞতা ও পরামর্শ দিয়ে সাহায্য করবেন।




