নিউইয়র্ক: বিশ্বখ্যাত ডাচ চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গগের আঁকা একটি দুর্লভ চিত্রকর্মের ঐতিহাসিক নিলামকে কেন্দ্র করে আন্তর্জাতিক শিল্পজগতে তীব্র বিতর্ক ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী ১৮ নভেম্বর বুধবার নিউইয়র্কের বিখ্যাত নিলাম প্রতিষ্ঠান সথবিস (Sotheby's)-এ ‘শাতেনিয়ে আঁ ফ্লুর’ বা প্রস্ফুটিত চেস্টনাট গাছ শীর্ষক চিত্রকর্মটি নিলামে ওঠার কথা রয়েছে। এর আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছে ১৮ কোটি মার্কিন ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় ১,৭০০ কোটি টাকা। তবে নিলামের ঠিক আগমুহূর্তে চিত্রকর্মটির সাবেক মালিকের উত্তরাধিকারীরা দাবি করেছেন, নাৎসি শাসনামলে আর্থিক চাপে পড়ে তাদের পূর্বপুরুষরা ছবিটি বিক্রি করতে বাধ্য হয়েছিলেন।
১৮৯০ সালের মে মাসে মৃত্যুর মাত্র কয়েক মাস আগে ফ্রান্সের ওভার-সুর-ওয়াজে বসে ভ্যান গগ এই অনবদ্য তৈলচিত্রটি এঁকেছিলেন। ৬০ বছরেরও বেশি সময় ধরে জনসম্মুখে প্রদর্শিত না হওয়া এই চিত্রকর্মটি নিলামে উঠলে তা ভ্যান গগের পূর্ববর্তী সর্বোচ্চ বিক্রয়মূল্য প্রায় ১১কোটি ৭২ লাখ ডলার -এর রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়বে বলে ধারণা করা হচ্ছে। এটি ‘ব্লাকিয়ের-আরিয়েটা সংগ্রহশালা’-র ১২টি দুর্লভ শিল্পকর্মের মূল আকর্ষণ হিসেবে নিলামে তোলা হচ্ছে। কিন্তু নিলামের মাত্র কয়েক দিন আগে জার্মানির প্রখ্যাত ইহুদি প্রকাশক স্যামুয়েল ফিশারের উত্তরাধিকারীরা নিলামটি স্থগিত করার আহ্বান জানান। ফিশার ১৯০৯ সালে প্যারিস থেকে চিত্রকর্মটি কিনেছিলেন। ১৯৩৪ সালে তার মৃত্যুর পর এটি তার পরিবারের কাছে হস্তান্তরিত হয়। ফিশার পরিবারের উত্তরাধিকারীদের পক্ষে বার্লিনভিত্তিক আইনজীবী গুনার শ্নাবেল গত ১২ নভেম্বর সদবিসকে একটি চিঠি পাঠান। চিঠিতে তিনি উল্লেখ করেন, নাৎসি নিপীড়নের মুখে ১৯৩২ বা ১৯৩৩ সালের দিকে ফিশার পরিবার ছবিটি আমস্টারডামের এক আর্ট ডিলারের কাছে জমা রাখেন এবং পরবর্তীতে ১৯৩৬ সালে এটি বিক্রি হয়ে যায়।
আইনজীবীর দাবি, নাৎসি শাসনের কারণে ফিশার পরিবারের প্রকাশনা ব্যবসা চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছিল এবং জার্মানি ত্যাগের সময় ইহুদিদের ওপর আরোপিত কঠোর 'রাইখ ফ্লাইট ট্যাক্স' (Reich flight tax) ও সম্পদ স্থানান্তরের নিষেধাজ্ঞার কারণেই তারা বাধ্য হয়ে ছবিটি বিক্রি করেছিলেন। শ্নাবেল সদবিসকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, প্রতিষ্ঠানটিকে প্রমাণ করতে হবে যে ১৯৩৬ সালে ছবিটি ন্যায্য বাজারমূল্যে বিক্রি হয়েছিল এবং নাৎসি শাসন না থাকলেও
পরিবারটি ছবিটি বিক্রি করত। ১৯৯৮ সালের আন্তর্জাতিক 'ওয়াশিংটন প্রিন্সিপল' অনুসরণ করে এই বিরোধের ন্যায্য সমাধানের দাবি জানিয়েছেন তিনি।
একটি বিবৃতিতে নিলাম প্রতিষ্ঠান সদবিস জানিয়েছে, বিতর্ক সত্ত্বেও বুধবার সন্ধ্যায় পূর্বনির্ধারিত সূচি অনুযায়ীই নিলাম অনুষ্ঠিত হবে। সদবিস কর্তৃপক্ষের দাবি, তারা চিত্রকর্মটির মালিকানার ইতিহাস নিয়ে দীর্ঘ ও নিবিড় গবেষণা চালিয়েছে। তাদের তথ্যমতে, ১৯৩৬ সালের জুনে আমস্টারডামে নাৎসি নিয়ন্ত্রণের বাইরে থেকে ছবিটি ৬৮,০০০ সুইস ফ্রাঁয় বিক্রি হয়েছিল, যা সে সময়ের হিসেবে সম্পূর্ণ ন্যায্য বাজারমূল্য ছিল। সদবিসের আইনজীবী লুক নিকাস জানান, ছবিটি জোরপূর্বক বা চাপে পড়ে বিক্রি করা হয়েছিল—এমন কোনো প্রমাণ তাদের গবেষণায় পাওয়া যায়নি। তবে প্রতিষ্ঠানটি ফিশার পরিবারের উত্তরাধিকারীদের উদ্বেগের বিষয়টি গুরুত্বের সাথে দেখছে এবং একটি পারস্পরিক সন্তোষজনক সমাধানে পৌঁছানোর জন্য তাদের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে। শিল্প বিশেষজ্ঞদের মতে, নিলামের ঠিক আগমুহূর্তে এই ধরনের মালিকানা বিতর্ক সম্ভাব্য ক্রেতাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করতে পারে। কারণ প্রায় ১৮ কোটি ডলারের মতো বিশাল অঙ্কের অর্থ বিনিয়োগের আগে যেকোনো সংগ্রাহকই চাইবেন শিল্পকর্মটির মালিকানা যেন সম্পূর্ণ আইনি ঝুঁকিমুক্ত থাকে। এখন দেখার বিষয়, বুধবারের নিলামে এই ঐতিহাসিক চিত্রকর্মটি প্রত্যাশিত রেকর্ড মূল্যে বিক্রি হয় নাকি আইনি জটিলতায় এর ভবিষ্যৎ আটকে যায়।




