নয়াদিল্লি: ম্যালেরিয়ার বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে ভারত। 2015 থেকে 2025 সালের মধ্যে দেশে ম্যালেরিয়ায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমেছে প্রায় 80 শতাংশ। এক দশকে ম্যালেরিয়ার উচ্চঝুঁকিপূর্ণ জেলার সংখ্যাও 155 থেকে নেমে এসেছে 33-এ। 2022 থেকে 2025 সালের মধ্যে দেশের 160টি জেলায় কোনও স্থানীয় ম্যালেরিয়া সংক্রমণের খবর মেলেনি। তবে এই সাফল্যের মধ্যেই নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে জলবায়ু পরিবর্তন, অপরিকল্পিত নগরায়ণ এবং কীটনাশকের বিরুদ্ধে মশার ক্রমবর্ধমান প্রতিরোধ ক্ষমতা। মঙ্গলবার ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের (আইসিএমআর) ন্যাশনাল ইনস্টিটিউট অফ ম্যালেরিয়া রিসার্চের (এনআইএমআর) সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে এই সতর্কবার্তা দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
এক দশকে বদলে গিয়েছে ম্যালেরিয়ার ছবিটা
এক সময় ভারতের অন্যতম বড় জনস্বাস্থ্য সমস্যা ছিল ম্যালেরিয়া। বিশেষ করে গ্রামাঞ্চল, প্রত্যন্ত বনাঞ্চল এবং আদিবাসী অধ্যুষিত এলাকায় এই রোগের প্রকোপ ছিল বেশি। বর্ষার মরসুমে জ্বরকে প্রায় স্বাভাবিক দুর্ভোগ হিসেবেই মেনে নিতে হত বহু মানুষকে। আক্রান্ত হওয়ার কারণে স্কুলে যেতে পারত না শিশুরা, কাজ বন্ধ রাখতে বাধ্য হতেন কৃষক ও শ্রমিকেরা। সেই পরিস্থিতি থেকে গত এক দশকে অনেকটাই এগিয়েছে দেশ।
স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, 2015 থেকে 2025 সালের মধ্যে ম্যালেরিয়ায় আক্রান্তের পাশাপাশি মৃত্যুর সংখ্যাও প্রায় 80 শতাংশ কমেছে। ম্যালেরিয়ার উচ্চঝুঁকিপূর্ণ জেলার সংখ্যা 155 থেকে কমে হয়েছে 33। পাশাপাশি, 2022 থেকে 2025 সালের মধ্যে 160টি জেলায় কোনও স্থানীয় সংক্রমণের ঘটনা নথিভুক্ত হয়নি। 2024 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উচ্চঝুঁকির তালিকা ‘হাই বার্ডেন টু হাই ইমপ্যাক্ট’ গোষ্ঠী থেকেও বেরিয়ে এসেছে ভারত।
সাফল্যের নেপথ্যে চিকিৎসা ও নজরদারি
এই সাফল্যের পিছনে রয়েছে একাধিক পদক্ষেপ। ম্যালেরিয়া শনাক্ত করতে উন্নত পরীক্ষার ব্যবস্থা, দ্রুত চিকিৎসা, কার্যকর ওষুধ, মশা নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা বৃদ্ধির মতো উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। মশার কামড় থেকে সুরক্ষায় কীটনাশকযুক্ত মশারি ব্যবহার, বাড়ির ভিতরে কীটনাশক ছড়ানো এবং মশার বংশবিস্তার রুখতে বিভিন্ন কর্মসূচি চালানো হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, ম্যালেরিয়া নির্মূলের ক্ষেত্রে শুধু আক্রান্তের চিকিৎসা করলেই হবে না। কোথায় সংক্রমণ হচ্ছে, কোন এলাকায় মশার ঘনত্ব বেশি এবং কোন জনগোষ্ঠী সবচেয়ে ঝুঁকিতে রয়েছে, সেই তথ্য নিয়মিত সংগ্রহ করাও জরুরি। তাই পরীক্ষা, চিকিৎসা এবং নজরদারি—এই তিনটি বিষয়কে একসঙ্গে গুরুত্ব দেওয়ার কথা বলা হচ্ছে।
জলবায়ু পরিবর্তনেই বাড়তে পারে নতুন বিপদ
তবে সাফল্যের মাঝেই নতুন আশঙ্কার কথা শুনিয়েছেন রাষ্ট্রপতি। তাঁর বক্তব্য, জলবায়ু পরিবর্তন, অপরিকল্পিত নগরায়ণ এবং কীটনাশকের বিরুদ্ধে মশার প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ম্যালেরিয়া নির্মূলের পথে বড় বাধা হয়ে উঠতে পারে। তাপমাত্রা, বৃষ্টিপাত ও আর্দ্রতার পরিবর্তন মশার বংশবিস্তার এবং সংক্রমণের ধরনকে প্রভাবিত করতে পারে।
ফলে যে এলাকায় আগে ম্যালেরিয়ার প্রকোপ তুলনামূলক কম ছিল, সেখানেও পরিস্থিতির বদল ঘটার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শুধু ম্যালেরিয়া নয়, আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে ডেঙ্গির মতো মশাবাহিত রোগের ঝুঁকিও বাড়তে পারে। তাপমাত্রা বৃদ্ধি এবং বর্ষার সময়সূচিতে পরিবর্তন মশার প্রজনন ও বিস্তারের অনুকূল পরিবেশ তৈরি করতে পারে। ফলে রোগ প্রতিরোধের কৌশলেও সময়ের সঙ্গে বদল আনা প্রয়োজন।
শুধু স্বাস্থ্যকর্মীদের উদ্যোগে নির্মূল হবে না ম্যালেরিয়া
রাষ্ট্রপতি স্পষ্ট জানিয়েছেন, ম্যালেরিয়া নির্মূলের দায়িত্ব শুধু স্বাস্থ্যকর্মী বা চিকিৎসা ব্যবস্থার নয়। সাধারণ মানুষকেও প্রতিরোধমূলক কাজে অংশ নিতে হবে। বাড়ির আশপাশে জল জমতে না দেওয়া, পরিত্যক্ত পাত্রে জল আটকে থাকতে না দেওয়া, নিকাশি ব্যবস্থা পরিষ্কার রাখা এবং মশার প্রজননস্থল নষ্ট করা জরুরি। স্থানীয় প্রশাসন, পঞ্চায়েত, পুরসভা এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ ছাড়া এই লড়াই সম্পূর্ণ করা সম্ভব নয়।
2030 সালের মধ্যে ম্যালেরিয়ামুক্ত ভারত গড়ার লক্ষ্য
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডাও ম্যালেরিয়া নির্মূলে গবেষণা, প্রযুক্তি এবং জনঅংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেছেন। তাঁর বক্তব্য, মশার আচরণ ও ম্যালেরিয়ার পরজীবী নিয়ে গবেষণা, দ্রুত রোগ শনাক্তকরণ, উপযুক্ত চিকিৎসা এবং প্রতিরোধমূলক কর্মসূচির সমন্বয়েই এই সাফল্য এসেছে। ভারতের জনসংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় 16 শতাংশ হলেও বিশ্বে ম্যালেরিয়ার মোট আক্রান্তের মধ্যে দেশের অংশ প্রায় 0.7 শতাংশ এবং মৃত্যুর ক্ষেত্রে প্রায় 0.6 শতাংশ।
কেন্দ্রের লক্ষ্য, 2027 সালের মধ্যে দেশে স্থানীয়ভাবে সংক্রমণের ঘটনা শূন্যে নামিয়ে আনা এবং 2030 সালের মধ্যে ম্যালেরিয়া নির্মূল করা। তবে আক্রান্তের সংখ্যা কমে গেলেই লড়াই শেষ হয়ে যাচ্ছে না। বরং সংক্রমণ কমে এলে রোগী শনাক্ত করা আরও কঠিন হয়ে উঠতে পারে। তাই প্রত্যন্ত এলাকায় পরীক্ষার সুযোগ, ওষুধের পর্যাপ্ত জোগান এবং নিয়মিত নজরদারি বজায় রাখা জরুরি।
এক দশকে প্রায় 80 শতাংশ সাফল্য নিঃসন্দেহে বড় অর্জন। কিন্তু জলবায়ু পরিবর্তন, নগরায়ণ এবং মশার প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মতো নতুন চ্যালেঞ্জ বুঝিয়ে দিচ্ছে, ম্যালেরিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ঢিলেমি দেওয়ার সুযোগ নেই। ভারতের সামনে এখন সবচেয়ে বড় পরীক্ষা—অর্জিত সাফল্য ধরে রেখে 2030 সালের লক্ষ্যে পৌঁছনো।




