নিউজ ডেস্ক : পরপর দুবার কম্পন। তাতেই কেঁপে উঠলো চামোলি। কম্পন অনুভূত হতে দেখা গিয়েছে মিয়ানমার, পাকিস্তানেও। মায়ানমার থেকে পাকিস্তান পর্যন্ত দীর্ঘ বেশ কিছুটা এলাকা জুড়ে কম্পনের অনুভূতি হতে দেখা যায়। বুধবার সকালেই দু’বার কেঁপে উঠল চামোলি জেলা। প্রথম কম্পনের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৪.১। কিছুক্ষণের ব্যবধানেই ফের কম্পন অনুভূত হয়। দ্বিতীয়বার ভূমিকম্পের মাত্রা ছিল ২.৮। পরপর এই দুই কম্পনে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়ায় পাহাড়ি এলাকায়।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, বুধবার সকাল ১০টা ২১ মিনিট ১১ সেকেন্ডে প্রথম ভূমিকম্পটি রেকর্ড করা হয়। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে ছিল এর উৎসস্থল। ভূমিকম্পের কেন্দ্র ছিল উত্তরাখণ্ডের চামোলি জেলায়, জোশীমঠের প্রায় ১৯ কিলোমিটার দক্ষিণে।
এরপর সকাল ১০টা ৫২ মিনিট ৪৮ সেকেন্ডে একই অঞ্চলে দ্বিতীয়বার কম্পন রেকর্ড করা হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ২.৮। এই কম্পনের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র ৫ কিলোমিটার গভীরে। দ্বিতীয় কম্পনের কেন্দ্রও ছিল জোশীমঠের কাছাকাছি। প্রশাসনিক সূত্রে এখনও পর্যন্ত কোনও বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর সামনে আসেনি।
তবে বুধবার সকালে শুধু উত্তরাখণ্ডই নয়, দক্ষিণ এশিয়ার একাধিক অঞ্চলে পৃথক ভূমিকম্পের ঘটনা রেকর্ড করেছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। মায়ানমার, পাকিস্তান-সংলগ্ন অঞ্চল এবং অন্যান্য এলাকাতেও কম্পনের খবর মিলেছে। প্রশাসনের তরফ থেকে সমস্ত দিকেই নজরদারীর ব্যবস্থা করা হয়েছে।




