নিউজ ডেস্ক: সাইবেরিয়ায় ভেঙে পড়ল রাশিয়ার একটি সামরিক পরিবহণ বিমান। মঙ্গলবার পশ্চিম সাইবেরিয়ার কেমেরোভো অঞ্চলে দুর্ঘটনায় বিমানের ১৯ জন আরোহীরই মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রক। প্রাথমিক তদন্তে যান্ত্রিক ত্রুটির ইঙ্গিত মিলেছে।
প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, আন-১২ বিমানটি মস্কো থেকে প্রায় ৩ হাজার কিলোমিটার পূর্বে কেমেরোভো অঞ্চলের ইয়াগুনোভো গ্রামের কাছে জনবসতিহীন এলাকায় ভেঙে পড়ে। বিমানে থাকা ১৯ জনের মধ্যে চালক-সহ প্রত্যেকেরই মৃত্যু হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছেন বায়ুসেনার বিশেষজ্ঞরা।
https://x.com/angelshalagina/status/2122717885382508891?a=kVleEmIY-J00PWsw-yU&s=20
সাধারণত আন-১২ বিমানে ছ’জনের একটি চালকদল থাকে। সোভিয়েত ইউনিয়নে তৈরি চার ইঞ্জিনের এই টার্বোপ্রপ পরিবহণ বিমানটি ১৯৫০-এর দশকের শেষ দিক থেকে পরিষেবায় রয়েছে। এখনও পর্যন্ত এই মডেলের এক হাজারেরও বেশি বিমান তৈরি হয়েছে। রাশিয়া-সহ বিশ্বের কয়েকটি দেশে এখনও এই বিমান ব্যবহার করা হয়।
প্রাথমিক ভাবে যান্ত্রিক ত্রুটির কথা বলা হলেও ঠিক কী কারণে বিমানটি ভেঙে পড়ল, তা তদন্তের পরেই স্পষ্ট হবে।
এদিকে, মার্কিন সামরিক বাহিনীর প্রায় ৬ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৫৩০ কোটি টাকা) মূল্যের একটি বিমান কুড়ুল দিয়ে ভেঙে কার্যত অকেজো করে দেওয়ার অভিযোগ উঠল আয়ারল্যান্ডে। অভিযুক্ত ব্যক্তি বিমানবন্দরের নিরাপত্তা বেষ্টনী টপকে ভিতরে ঢুকে ঘণ্টার পর ঘণ্টা ধরে তাণ্ডব চালান। কেটে দেন বিমানের হাইড্রোলিক সংযোগ, ভেঙে দেন ককপিটের সমস্ত যন্ত্রপাতি। এমনকি বিমানের জ্বালানির ট্যাঙ্কে ঢেলে দেন ধাতব বল। এই ঘটনায় ৪৮ বছর বয়সি ডাইথি ও'কোরেনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে আমেরিকার বিচার বিভাগ।




