নিউজ ডেস্ক: ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা সমীকরণ আরও মজবুত করতে জাপান সফরে পৌঁছলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বুধবার টোকিওতে পৌঁছন তিনি। দু’দিনের এই সফরে ভারত ও জাপানের মধ্যে প্রতিরক্ষা এবং সামরিক সহযোগিতা আরও বিস্তৃত করার বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা। সফরের অন্যতম আকর্ষণ দুই দেশের চতুর্থ ‘2+2’ বিদেশ ও প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের বৈঠক।
টোকিও বিমানবন্দরে রাজনাথ সিংকে স্বাগত জানান জাপানের জয়েন্ট স্টাফের ভাইস চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল নরিমিচি শিরাকাওয়া। সফরকালে জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমির সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন তিনি।
জাপান রওনা হওয়ার আগে মঙ্গলবার রাজনাথ জানিয়েছিলেন, একটি অবাধ, উন্মুক্ত এবং নিয়মভিত্তিক ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার বিষয়ে ভারত ও জাপানের অভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে। পারস্পরিক বিশ্বাস, গণতান্ত্রিক মূল্যবোধ এবং আঞ্চলিক শান্তি বজায় রাখার অঙ্গীকারের উপর দাঁড়িয়েই দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
বৃহস্পতিবারের উচ্চপর্যায়ের আলোচনায় ভারতের তরফে নেতৃত্ব দেবেন রাজনাথ সিং এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। জাপানের প্রতিনিধিত্ব করবেন প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি এবং বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি। বৈঠকে দুই দেশের সামরিক ও কৌশলগত সহযোগিতার অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যতের কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হবে।
বিশেষ গুরুত্ব পেতে পারে সামুদ্রিক নিরাপত্তা, প্রতিরক্ষা প্রযুক্তি, সামরিক সরঞ্জাম উৎপাদন এবং যৌথ সামরিক মহড়ার বিষয়গুলি। তিন বাহিনীর মধ্যে যৌথ মহড়ার পরিধি ও জটিলতা বাড়ানোর পাশাপাশি প্রতিরক্ষা শিল্পে যৌথ অংশীদারিত্ব গড়ে তোলার বিষয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি নিয়েও মত বিনিময় করবেন দুই দেশের প্রতিনিধিরা।
উল্লেখযোগ্য বিষয় হল, চলতি বছরে রাজনাথ সিং এবং শিনজিরো কোইজুমির এটি তৃতীয় সাক্ষাৎ। এর আগে ২০২৬ সালের অগস্টে নয়াদিল্লিতে এবং অক্টোবরে সেবুতে আসিয়ান প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠক উপলক্ষে তাঁদের সাক্ষাৎ হয়েছিল।
ভারত ও জাপানের মধ্যে রয়েছে বিশেষ কৌশলগত ও বৈশ্বিক অংশীদারিত্ব। আন্তর্জাতিক রাজনীতিতে পরিবর্তন এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের মধ্যে দুই দেশের প্রতিরক্ষা সম্পর্কের গুরুত্ব ক্রমশ বাড়ছে। রাজনাথের এই সফর সেই সহযোগিতাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারে বলেই মনে করা হচ্ছে।




